সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে কোরআন শিক্ষা বোর্ডের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ১১:২৬ এম
চাঁদপুরে কোরআন শিক্ষা বোর্ডের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

কোরআন থেকে এদেশের মানুষকে দূরে সরাতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে

—— আল্লামা নুরুলহুদা ফয়েজী 

:: নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর ২০ তম কেন্দ্রীয় পরীক্ষায় ৭০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদ্রাসা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে চাঁদপুর শহরের বিপনিবাগ পার্টি হাউজে এ সংবর্ধনার আয়োজন করেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড চাঁদপুর জেলা শাখা।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মাদ্রাসা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ও পীর সাহেব চরমোনাই রহ. খলিফা আল্লামা নুরুল হুদা ফয়েজী। তিনি তার বক্তব্যে বলেন, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রহ.এর স্বপ্ন ছিল ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার কোরআনি মাদ্রাসা প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করা হয়েছে। ইতিমধ্যে সারাদেশে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ২০ হাজার মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এই বোর্ডের মাধ্যমে নূরানী-মক্তব থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষা অর্জনের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি বয়স্কদের কুরআন শিক্ষা ব্যবস্থা রয়েছে। আমরা চাই এদেশের ধর্মপ্রাণ প্রতিটি মানুষ যেন কোরআন শিক্ষার মাধ্যমে নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠে।
তিনি বলেন, আজকে কোরআন থেকে এদেশের মানুষকে দূরে সরাতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। ধর্মপ্রাণ মুসলমানদের এই বাংলাদেশে শিক্ষা নীতি থেকে কোরআনি শিক্ষা সরিয়ে ফেলতে গভীর ষড়যন্ত্র চলছে। এসকল ষড়যন্ত্র মোকাবেলায় মুসলমানদেরকে সজাগ থাকতে হবে।
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি মানসুর আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকার রামপুরা জামিয়া কারিমিয়া আরবিয়ার মুহতামিম মাওলানা মকবুল হোসাইন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সংগঠক সমন্বয়কারী মুফতি আব্দুল জলিল, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের চট্টগ্রাম বিভাগের সেক্রেটারি মাওলানা কারী দিদারে মাওলা।
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত এর পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ আহমদীয়া কওমি মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুর রউফ, চাঁদপুর জেলা বেফাক বোর্ডের সেক্রেটারি মুফতি ত্বোহা খান, চাঁদপুর জাফরাবাদ জামিয়া আরাবিয়া এমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জাফর আহমদ, কচুয়া আহমদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, কচুয়া জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানী মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুসলিম উদ্দিন আইনী, ফরিদগঞ্জ উপজেলা বেফাক বোর্ডের সভাপতি মাওলানা আবু মুছা।
এছাড়াও উপদেষ্টা অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিন, সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত চাঁদপুরের কয়েকটি মাদ্রাসার ৭০ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।