বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচি ও লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৭ পিএম
ফরিদগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচি ও লিফলেট বিতরণ

এস এম ইকবাল: সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশর ন্যায় ফরিদগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন ও লিফলেট বিতরণ করা হয়েছে।

উপজেলার সুবিদপুর পশ্চম ইউনিয়নের শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের সামনে থেকে গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে পদযাত্রা কর্মসূচির শুরু হয়ে শ্লোলা বাজার ও আশেপাশের এলাকা অবস্থান করে কর্মসূচি শেষ হয়।

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, লবণ, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য; সার, জ্বালানি তেলসহ কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াসহ নেতাকর্মীর মুক্তি ও গণতন্ত্রবিরোধী সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক এমএ হান্নান চৌধুরী। সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বুলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খলিফার সঞ্চালনায় এ পদযাত্রা কর্মসূচিতে উপজেলা বিএনপির সহসভাপতি আবু জাফর খসরু মোল্লাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই সময় উপজেলার স্ব স্ব ইউনিয়নের বিএনপির সমন্বয়ে এক পদযাত্রা বের করে নেতাকর্মীরা।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।