বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে অবৈধ ড্রেজারে বালু তোলছেন খোদ মেম্বার !

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৬ পিএম
ফরিদগঞ্জে অবৈধ ড্রেজারে বালু তোলছেন খোদ মেম্বার !
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নে কৃষি জমি, বসত বাড়ি ও সরকারি রাস্তার পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অবৈধভাবে বালি উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে সরকারি রাস্তা, কৃষি জমি ও বসতবাড়ি।
স্থানীয়দের অভিযোগ সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মমিন দুলাল প্রভাব খাটিয়ে ড্রেজার মেশিনে বালি উত্তোলন করছে। এতে করে আশ-পাশের কৃষি জমি, ঘরবাড়ি ও রাস্তার ক্ষতি হলেও ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না কেউ।
এলাকাবাসী অভিযোগের আলোকে সরজমিনে গিয়ে দেখা যায়, কামতা-সেন্দ্রা সড়কের লক্ষীপুর চৌরাস্তা সংলগ্ন উত্তর লক্ষীপুর কাঁচ বাড়ির পাশে কৃষি জমিতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে গত কয়েকদিন যাবৎ নির্বিঘ্নে বালু উত্তোলন করে আসছে দুলাল মেম্বার। স্থানীয়রা ড্রেজার মেশিন না চালাতে বললেও দুলাল মেম্বার পেশি শক্তি ব্যবহার করে এই ড্রেজার মেশিন চালিয়ে আসছে।
এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল মমিন দুলাল জানান, আমি কবরস্থানের জন্য মাটি তুলছি। তাছাড়া আমি ১৫ বছর ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি, অনেকই ড্রেজার চালায়, আমি চালালে দোষের কি।
ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শমশির আহাম্মেদ জানান, আমরা ড্রেজার মেশিন বন্ধ করে তা সরিয়ে নেওয়ার জন্য দুলাল মেম্বারকে বলেছি এবং আমার উর্ধতন কতৃপক্ষকে এ সম্পর্কে অবহিত করেছি।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজুন নাহার জানান, আমরা ড্রেজার মেশিনটি বন্ধ করে দিয়েছি এবং তা অপসারণের জন্য তাদেরকে বলেছি। যদি তারা নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় আবার চালায় তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।