বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ইয়াবা সহ আটক যুবকের ৬ মাসের কারাদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ২:০৬ পিএম
চাঁদপুরে ইয়াবা সহ আটক যুবকের ৬ মাসের কারাদন্ড

চাঁদপুরে ইয়াবাসহ আটক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাস কারাদন্ড প্রদান করা হয়েছে।

২৮ মার্চ (মঙ্গলবার) মাঝিঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালীন সময় ইয়াবাসহ আটক করে যুবককে নগদ অর্থ জরিমানাসহ কারাদন্ড প্রদান করা হয়।

জানা যায়, চাঁদপুরে ইয়াবাসহ আটককৃত যুবকের নাম জসিম মাঝি। তাকে ইয়াবাসহ আটক করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ তে ছয়মাস কারাদন্ড এবং ৫০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মাঝিঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ।

Model Hospital

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জ-শাহরাস্তি সীমান্তে উত্তেজনা

হাজীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৬

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ পিএম
হাজীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৬

চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শাহজাহান (৩০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। তুচ্ছ একটি খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে নিরীহ এক অটোচালকের প্রাণহানির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়।

নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সিবাড়ির আলী আহমেদের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তাঁর সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন দিন আগে সোনাচোঁ বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জের এনায়েতপুর ও শাহরাস্তির ধোপল্লা গ্রামের কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ধোপল্লা বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

Model Hospital

অভিযোগ রয়েছে, এ সংঘর্ষে ধোপল্লা এলাকার কয়েকটি বাড়ির ৫০ থেকে ৭০ জন যুবক ও কিশোর অংশ নেয়। এ সময় এনায়েতপুর থেকে অটোরিকশা নিয়ে যাত্রীসহ ধোপল্লা বাজার এলাকায় গেলে শাহজাহান হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে শাহজাহান অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। তাঁকে হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বাড়িতে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে আবারও হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পক্ষ থেকে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ সাদি মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত-সংক্রান্ত কার্যক্রম শেষে মরদেহ থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাউসার আলম ভূঁইয়া জানান, ঘটনাটি শাহরাস্তি থানা এলাকার। তিনি ঘটনাস্থলে রয়েছেন। যেহেতু ঘটনাটি শাহরাস্তি এলাকায় ঘটেছে, তাই শাহরাস্তি থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে একজন নিরীহ অটোচালকের এমন মর্মান্তিক মৃত্যুতে দুই এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।