বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের শাহমাহমুদপুরে দেড় শতাধিক পরিবারের এক আতঙ্কের নাম ঝুঁকিপূর্ণ সাঁকো

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১১:৩০ পিএম
চাঁদপুরের শাহমাহমুদপুরে দেড় শতাধিক পরিবারের এক আতঙ্কের নাম ঝুঁকিপূর্ণ সাঁকো
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের দাসেরগাঁও গ্রাম। ওই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে জমজমিয়া খাল। তার ওপর কাঠ বাঁশের সাঁকো। এই সাঁকোটি এখন এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর কাছে। স্বাধীনতার পর থেকে একটি সেতু নির্মাণের বিষয়ে বারবার প্রতিশ্রুতি মিললেও এর বাস্তবায়ন আলোর মুখ দেখেনি ৫০ বছরেও। তাই দুর্ভোগ সঙ্গী করে ভাঙা কাঠ বাঁশের সাঁকোতেই দিন পার করছেন এই গ্রামসহ আশপাশের মানুষ। শিক্ষার্থীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে এ সাঁকো।
সাঁকোটি দিয়ে শুষ্ক মৌসুমে পারাপার করা গেলেও বর্ষাকালে ভরা খালে এটি বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বিকল্প উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে কাঠ বাঁশের এই ভাঙা সাঁকো দিয়েই পারাপারে বাধ্য হন শিশু থেকে বৃদ্ধরা। এই সাঁকো থেকে পানিতে পড়ে মৃত্যু হওয়ারও ঘটনা ঘটেছে অনেক। আহত হয়েছেন অসংখ্য শিশু বৃদ্ধরা। খুইয়েছেন লাখ লাখ টাকা। মরণ ফাঁদ নামে পরিচিত এ বাঁশের সাঁকোটি শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব লোধেরগাঁও ও দাসেরগাঁও গ্রামের সীমান্তবর্তী জমজমিয়া খালের ওপর। খালটির উত্তর পাড়ে পূর্ব লোধেরগাঁও ও দক্ষিণ পাড়ে দাসেরগাঁও গ্রামের বেপারী বাড়ি। এই বাড়িতে প্রায় দেড় শতাধিক পরিবারের প্রায় ৫ শতাধিক জনসংখ্যার বসবাস। এছাড়াও আশপাশের লোকজনও এই সাঁকো দিয়ে চলাচল করে আসছে প্রতিনিয়ত।
জানা যায়, স্বাধীনতার পর থেকে এখানে কোনো সেতু নির্মাণ করা হয়নি। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কিন্তু তারপরও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সেতু নির্মাণে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ডা. দীপু মনি এ বাড়ির বাসিন্দাদের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু সেই আশ্বাস এখনো পূরণ হয়নি এ গ্রামের মানুষের। বেপারী বাড়ির অধিকাংশ মানুষই দিনমজুর। তাদের তোলা চাঁদা দিয়ে প্রতি বছর নড়বড়ে এই সাঁকোটি মেরামত করে যাচ্ছেন।
এ সাঁকো দিয়ে পার হওয়ার সময় কথা হয় এ বাড়ির কয়েকজনের সাথে। তারা বলেন, আমাদের এ বাড়িতে প্রায় পাঁচ শতাদিক মানুষের বসবাস। এই সাঁকো থেকে পড়ে অনেকেই মারা গেছেন। আহতও হয়েচেন বহু সংখ্যক মানুষ। এই বাড়িতে কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে একটি ফায়ার সার্ভিস আসতে পারে না। মুমূর্ষু রোগীদের জরুরী হাসপাতালে নিতে একটি এ্যাম্বুলেন্স আসতে পারে না। লাশবাসী খাট নিয়ে এপাড় ওপাড় যাওয়া না। শিশু শিক্ষার্থী কিংবা বৃদ্ধরা চলাচল করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। তারপরও আমরা আমাদের এমপি মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সেই ২০১৮ সালের নির্বাচনী আশ্বাসে এখনো আছি। তাই ওনার কাছে এখানে একটি সেতু নির্মাণ করে দিতে সর্বাত্মক সহযোগিতা কামণা করছি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন রনি বলেন, শাহমাহমুদপুর ইউনিয়নের দাসেরগাঁও বেপারী বাড়ির এই সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ। এখানে একটি সেতু নির্মাণে বেপারী বাড়িসহ এ এলাকার মানুষের প্রাণের দাবী হয়ে দাঁড়িয়েছে। তাই মাননীয় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট অধিদপ্তরের দায়িত্বশীলদের কাছে আমি এলাকাবাসীর হয়ে অনুরোধ করবো, এখানে একটি সেতু নির্মাণ করে তাদের প্রাণের দাবীটুকু বাস্তবায়ন করা হোক।
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী বলেন, এই বাড়ির লোকজন আসলেই অবহেলিত। তাদের যাতায়াতের সুবিধার্থে সেতুটি নির্মাণ হওয়া খুবই প্রয়োজন। এর আগে একবার হওয়ার কথা ছিল। পরে কেন হয়নি তা আমার জানা নেই। তবে এই সেতুটি আমাদের কাছে তালিকাভুক্ত। সেতুটি নির্মাণে চলতি পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সাঁকোটির এ স্থানে একটি সেতু নির্মাণ করার জন্য ২০২০ সালে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু ১৫ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতু নির্মাণের এখতিয়ার না থাকায় সেটি আর হয়নি।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ