বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৪:৪৯ পিএম
চাঁদপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. রিপন প্রধানিয়াকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৯ মে) বিকেলে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক ধারায় আসামিকে অপহরণের অপরাধে আরও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রিপন প্রধানিয়া চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের প্রধানিয়া বাড়ির মৃত নোয়াব আলী প্রধানিয়ার ছেলে।

Model Hospital

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামি রিপন প্রধানিয়া স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি ওই ছাত্রী তার বাবাকে জানায়। বাবা রিপনকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে সে আরও ক্ষিপ্ত হয়। ২০২০ সালের ২৬ মে ১১টার দিকে ওই স্কুলছাত্রী একটি দোকানে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা রিপন ও তার সহযোগীরা স্কুলছাত্রীকে একটি অটোরিকশায় তুলে বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে কোমল পানীয়র সঙ্গে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে ধর্ষণ করে।

মেয়েকে তুলে নেওয়ার সংবাদ পেয়ে ওই দিন রাতেই চাঁদপুর সদর মডেল থানায় বিষয়টি অবহিত করেন এবং রিপন প্রধানিয়াকে আসামি করে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে আসামি রিপন প্রধানিয়াকে গ্রেপ্তার এবং স্কুলছাত্রীকে উদ্ধার করে।

তৎকালীন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া মামলাটি তদন্ত শেষে ওই বছর ৩০ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় সরকার পক্ষের আইনজীবী (পিপি) অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু বলেন, মামলাটিতে গত তিন বছরে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।