বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

অসুস্থ বাবাকে নিয়ে ঢাকার হাসপাতালে সাংবাদিক রিফাত : এদিকে গ্রামের বাড়িতে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৯:৫৮ পিএম
অসুস্থ বাবাকে নিয়ে ঢাকার হাসপাতালে সাংবাদিক রিফাত : এদিকে গ্রামের বাড়িতে দুর্ধর্ষ চুরি
লেখক ও সাংবাদিক রিফাত কান্তি সেনের বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে চোরের দল।
এসময় তারা প্রায় ২৭ কাহন সুপারি, একটি গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, ২ টি সাইকেল সহ প্রায় এক লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
বিষয়টি নিয়ে রিফাত কান্তি সেন জানান, আমার বাবা গত সোমবার ব্রেন স্ট্রোক করলে তাকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করাই। এদিকে গ্রামের বাড়িতে আমার অসুস্থ মা ও স্ত্রী অবস্থান করলেও চোরের দল আমাদের খারাপ সময়ের সুযোগ নিয়েছে। আমাদের এলাকায় বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনা ঘটছে।
স্থানীয় ও বহিরাগত অনেকেই গভীর রাত পর্যন্ত রাস্তায় ঘোরাঘুরি করে বলে শুনে আসছি। এরা চৌরাস্তা এবং বাজারের আশে-পাশে আড্ডা দিয়ে থাকে এবং সুযোগ বুঝে মানুষের বাড়ির গরু, ছাগল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রাদি চুরি করে।
স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন বিষয়টি নিয়ে কি ভাবছে সেটা বুঝি না। প্রতিনিয়ত এসব চুরির ঘটনাগুলো বাড়ছে। মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। প্রশাসনের তৎপরতা আরো বাড়ানো উচিত।
চোরদের যাতে দ্রুত আইনের আওতায় আনা যায় সে ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ থাকবে। আমি ঢাকা থেকে ফিরে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করবো।
চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজন শেখ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম জিতু ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।

শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ডে আলোচনায় মেম্বার পদপ্রার্থী মিলন মিজি

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম
শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ডে আলোচনায় মেম্বার পদপ্রার্থী মিলন মিজি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (লোধেরগাঁও) এ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিলন মিজি। তাঁকে ঘিরে স্থানীয় হাটবাজার, চায়ের দোকান ও পাড়া-মহল্লায় চলছে নির্বাচনী আলোচনা।
মোঃ মিলন মিজি পেশাগতভাবে একজন স্বনামধন্য ঠিকাদার। পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত এবং স্থানীয়ভাবে পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন বলে তাঁর সমর্থকদের দাবি। তরুণ এই সমাজসেবক রাজনৈতিক জীবনে ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজপথের কর্মসূচিতে সক্রিয় ছিলেন। এ কারণে স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি অংশ তাঁকে ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে বিবেচনা করেন।
রাজনীতির পাশাপাশি তিনি লোধেরগাঁও বাইতুল আমিন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এবং লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউপি নির্বাচনে ৭নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন চাইছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ওয়ার্ডজুড়ে শুরু হয়েছে আলোচনা। এর মধ্যে মোঃ মিলন মিজির সম্ভাব্য প্রার্থীতা ঘিরেও আগ্রহ তৈরি হয়েছে জনমনে। তবে নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নির্ভর করবে নির্বাচনের সময় ও প্রার্থীদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।