বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে চোর চক্রের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৬:৪৩ পিএম
শাহরাস্তিতে চোর চক্রের ২ সদস্য আটক
শাহরাস্তিতে চোর চক্রের দুই সদস্যকে আটক ও  মাদকসহ চোরাইমাল জব্দ করেছে পুলিশ।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি ভোর ৪ টা থেকে ৫ টার ভেতর সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা পৌরসভার উত্তর ঠাকুর বাজারে মোঃ আব্দুল কাইয়ূমের দোকান ঘরের সার্টার ও থাই গ্লাসের তালা ভেঙে দোকানে প্রবেশ করে।
ওইসময় চোরেরা দোকানের ক্যাশ বাক্সের ড্রয়ার থেকে নগদ টাকা, স্মার্ট টিভি, কম্পিউটারসহ ২ লক্ষ ৩৪ হাজার ৫ শ’ টাকার মালামাল চুরি করে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে শাহরাস্তি থানায় মামলা দায়ের হলে তাৎক্ষণিক ভাবে শাহরাস্তি থানা পুলিশের কয়েকটি টিম তৎপর হয়।
রোববার বিকেলে থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ রোকন উদ্দিন, ইমাম হাসান ও মহসিন ভুঁইয়ার নেতৃত্বে পৌরসভার কাজিরকামতা গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ চুরির ঘটনায় জড়িত ওই গ্রামের মৃত আঃ সালামের পুত্র মোঃ রিপন (৩৫)  ও আবদুল হকের পুত্র আতিকুর সবুজকে (২৭) গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য মতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুর থেকে চুরি যাওয়া কম্পিউটার সিপিইউ,১টি কালো রংয়ের ডেল মনিটর, ১টি মাউস, ১টি কী- বোর্ড ও ২টি সাউন্ড বক্স জব্দ করা হয়।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ আলমগীর হোসেন জানান, চুরির ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া কিছু মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত রিপনের কাছ থেকে  ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। সে আগে থেকেই মাদকের কারবারে জড়িত ছিলো। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  ঘটনায় জড়িত অন্যান্য আসামী এবং চোরাই যাওয়া বাকি মালামাল উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।