বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিভিন্ন প্রলোভনে ৬০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে মসজিদের ইমাম আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৯:০০ পিএম
চাঁদপুরে বিভিন্ন প্রলোভনে ৬০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে মসজিদের ইমাম আটক
চাঁদপুরে প্লট ব্যবসা ও বিদেশে পাঠানোর কথা বলে অর্থ হাতানোর অভিযোগে মোঃ আরিফ হোসেন (শাহাদাত কাজী) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে ভুক্তভোগীরা।
গত বুধবার (২৭ মার্চ) রাতে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে নিয়ে আসা হয়। এ ঘটনায় গত শুক্রবার (২৯ মার্চ) চাঁদপুর সদর মডেল থানায় মোঃ আরিফ হোসেন ও তার পিতা মোঃ আবুল হোসেন বেপারীকে বিবাদী করে একটি এজাহার দায়ের করেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কেতুয়া পাটওয়ারী বাড়ির মৃত আব্দুর রশিদ পাটওয়ারীর ছেলে ভুক্তভোগী মোঃ আলী আকবর পাটওয়ারী।
থানার এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কেতুয়া দোরে আলী পাটোয়ারী বাড়ী জামে মসজিদে ২০১২ সাল হতে ইমামতি করে আসছেন হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের ৫নং ওয়ার্ড বেপারী বাড়ির আবুল হোসেন বেপারীর ছেলে মোঃ আরিফ হোসেন (শাহাদাত কাজী)। দীর্ঘদিন যাবত মসজিদের ইমাম থাকা অবস্থায় তার সাথে ভুক্তভোগী আলী আকবর পাটওয়ারী ও এলাকার বিভিন্ন মানুষের সাথে সু-সম্পর্ক গড়ে উঠে। উক্ত সু-সম্পর্কের জের ধরে ১নং বিবাদি আলী আকবের নিকট প্লট ব্যবসা করার প্রস্তাব দেয়। সরল বিশ্বাসে সে প্রস্তাবে রাজি হয়ে গত ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারী দুপুর ৩টায় এবং পরবর্তী বিভিন্ন তারিখে উক্ত মসজিদের হুজরাখানায় তাকে সর্বমোট ৪৩ লক্ষ টাকা প্রদান করেন।
পরবর্তীতে টাকা নিয়ে আলী আকবর পাটওয়ারীকে প্লট বুঝিয়ে দিবে দিচ্ছি করে ২নং আসামী তার পিতা আবুল হোসেন বেপারীর প্ররোচনায় ঘুরাইতে থাকে। একপর্যায়ে ইমাম আরিফ হোসেন অত্র এলাকা হতে পালিয়ে আত্মগোপন করে। একপর্যায়ে স্থানীয়
লোকজনের সাথে আলোচনা করে জানা যায় যে, মসজিদের ইমাম মোঃ আরিফ হোসেন কেতুয়া এলাকার মৃত সৈয়দ আহাম্মেদ খানের ছেলে মতিউর রহমান খান কামালকে সৌদি আরব নেওয়ার কথা বলে ৩ লাখ ৬০ হাজার টাকা গ্রহন করে। বিবাদীদ্বয় টাকা গ্রহন করার পর হইতে বিবাদী তাহাকে সৌদি আরব না পাঠিয়ে বিভিন্ন ভাবে সময় প্রদান করে বিলম্ব করে। এছাড়াও একই এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে গিয়াস উদ্দিন রাজনকে আমেরিকা পাঠানোর কথা বলে ৩ লাখ ৬০ হাজার টাকা নেয় এবং মৃত শাহজাহান পাটোয়ারীর ছেলে পিএম সাইদুর রহমান কে কানাডা নেওয়ার কথা বলে তাহার কাছ থেকেও ১০ লাখ টাকা নেয়।
ইমাম মোঃ আরিফ হোসেন ও তার পিতা আবুল হোসেন বেপারী উক্ত এলাকার বিভিন্ন লোকজনের নিকট হইতে সরল বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণার আশ্রয় গ্রহণ করে সর্বমোট ৬০ লাখ ২০ হাজার টাকা নিয়ে অজ্ঞাতস্থানে আত্মগোপন করে থাকে।
পরবর্তীতে গত বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর শহরে তাকে দেখতে পেয়ে আটক করে কেতুয়া এলাকায় নিয়ে এসে স্থানীয়রা সহ বসে বিষয়টি মিমাংসা করতে ব্যার্থ হয়ে চাঁদপুর সদর মডেল থানায় খবর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। শুক্রবার (২৯ মার্চ) ভুক্তভোগী আলী আকবর পাটওয়ারী বাদী হয়ে থানায় অভিযোগের ভিত্তিতে উভয় আসামীকে আদালতে প্রেরণ করেন। আদালত ২নং আসামী আবুল হোসেন বেপারীকে অস্থায়ী জামিন দিয়ে ১নং আসামী মোঃ আরিফ হোসেনকে জেলহাজতে প্রেরণ করেন।
মামলার বাদী ও উক্ত মসজিদ কমিটির সেক্রেটারী আলী আকবর পাটওয়ারী বলেন, তিনি হাজীগঞ্জ কাজী বাড়ির বাসিন্দা শাহাদাত কাজী নামে পরিচয় দিয়ে আমাদের মসজিদে ইমামতি করতেন। দীর্ঘদিন যাবত চাকরির সুবাদে আমাদের এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে ৬০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে ছিলেন। ভুয়া পরিচয় দেয়ার কারনে তার সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় গত বুধবার তাকে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় দেখতে পেয়ে আটক করে নিয়ে আসি। পরে বেরিয়ে আসে তার আসল পরিচয়। তারপরও স্থানীয়রা বসে বিষয়টি মিমাংসা করতে চেষ্টা করি। পরিশেষে কোন উপায় না পেয়ে সে সহ তার বাবার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করি। পরে আদালতের মাধ্যমে ১নং আসামী আরিফ হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়। এবং তার বাবা ২নং আসামী আবুল হোসেন বেপারী অসুস্থ জনিত কারনে অস্থায়ী জামিন পান।
মামলার ১নং আসামী মোঃ আরিফ হোসেন (শাহাদাত কাজী) জেলহাজতে থাকায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে বাদী পক্ষের দেয়া বিবাদীদের পরিবারের 018—–392 এই নম্বরে একাধিকবার কল দেয়ার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার সাব-ইন্সফেক্টর আবদুছ ছামাদ আজাদ বলেন, আসামী আরিফ হোসেনের বিরুদ্ধে উক্ত এলাকার মসজিদে দীর্ঘদিন চাকরির সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ২০১৬ সালে বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রায় ৬০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি এজাহার দায়েরের পর আমরা আসামীদের আদালতে প্রেরণ করি। তবে মামলাটির তদন্ত চলমান রয়েছে। তদন্ত করার পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital