রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে টামটা প্রিমিয়ার লীগে ২ গোলে ভাটনীখোলা বেসিক বয়েজ বিজয়ী

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২১ জুন, ২০২৪, ৮:৩৩ পিএম
শাহরাস্তিতে টামটা প্রিমিয়ার লীগে ২ গোলে ভাটনীখোলা বেসিক বয়েজ বিজয়ী
শাহরাস্তিতে টামটা প্রিমিয়ার লীগ- সিজন-৩ গ্র্যান্ড ফাইনালে ২শূন্য গোলে “ভাটনীখোলা বেসিক বয়েজ টিম” চ্যাম্পিয়ন ট্রফি জয়ের গৌরব অর্জন করেছেন।
প্রতিদ্বন্দিতাপূর্ণ ওই ফুটবল ম্যাচে টামটা এফসি দুই গোল হজম করে রানার্স আপ দলের গৌরব অর্জন করতে সক্ষম হন।
ওই সময় আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার দর্শক বিদ্যালয়ের চারতলা ভবন, মাঠের চৌহদ্দিতে সমবেত হয়ে খেলা উপভোগ করতে দেখা গেছে।
টামটা আদর্শ উবির প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে ওই বিদ্যালয়ের মাঠে প্রিমিয়ার লীগ সিজন-৩ এর এ আসরটি অনুষ্ঠিত হয়।
গত ১৭ জুন সোমবার থেকে শুরু হয়ে ২০ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে জয় পরাজয় নির্ধারণ হয়। চার দিনের ফুটবল  খেলার এ আসরটিতে ৮ টি দল অংশগ্রহণ করে।খেলা শেষে আয়োজকরা আগত অতিথি, উদীয়মান খেলোয়ার, জয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের কে ফুলেল শুভেচ্ছা,  ট্রফি, মেডেল, কেস্ট  দিয়ে সম্মানিত করেন।
আয়োজক সূত্রে আরো জানা গেছে, ওই উবি’র প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি এড. মুহাম্মদ মনির হোসাইন হাওলাদের সভাপ্রদানে এতে প্রধান অতিথি  হিসেবে গ্র্যান্ড ফাইনালের খেলা উপভোগ করে পুরস্কার বিতরণ করেন, শাহরাস্তি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী।
তিনি বক্তব্য বলেন, বৃহত্তর টামটা একটি  আদর্শ গ্রাম। এ জনপদের মধ্যে  বড় গ্রাম এবং বৃহত্তম  ইউনিয়ন হিসেবে অবিভক্ত টামটার সুনাম  আজও অবিচল রয়েছে। এখানে যুবসমাজ ও শিক্ষার্থীদের মাঝে অনেক প্রতিভাবান খেলোয়ার রয়েছেন, যারা পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে জাতীয় পর্যায়ে তাদের ক্রীড়া  নৈপূণ্য প্রদর্শন করতে সক্ষম হবেন।
তিনি বর্তমান প্রেক্ষাপটে যুবসমাজ ও শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া শৈলীতে অংশগ্রহণ বাড়ানো গেলে তাদের মাদকের হাত থেকে তাদের রক্ষা করা যাবে বলে অভিমত ব্যক্ত করেন।
ওই সময় তিনি টামটা আদর্শ বিদ্যালয়ের মাঠটির পরিসর বাড়িয়ে সংস্কারের প্রয়োজন অনুভব করে সহযোগিতার আশ্বাস দিয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
ওই উবি’র প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য আওয়ামী লীগ নেতা মো: জাকির হোসেন পাটওয়ারী, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মর্মসিংহ ত্রিপুরা, প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম মুন্সী, শিক্ষক বদিউজ্জামাল ভূঁইয়া, আ: মমিন শিকদার লিটন, গণমাধ্যম কর্মী শামীম হোসেন, ইমতিয়াজ সিদ্দিকী তোহাসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মী, আয়োজক, খেলোয়াড়, এলাকার বিশিষ্ট জন, ক্রীড়ামুদি দর্শক উপস্থিত ছিলেন।
এ খেলায় সেরা খেলোয়াড় হিসেবে মেহরাব হোসেন অভি, তোফায়েল হোসেন তপু,সোহেল, বাবু, ফরিদ,তানভীর, শান্তকে মেডেল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য,সমাজ থেকে বাল্য বিয়ে , যৌতুক, মোবাইল আসক্তি এবং যুবকদের মাদকাসক্ত থেকে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষে আয়োজকদের এ প্রয়াস ।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।