বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৬:২২ পিএম
কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী।

আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”এ প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে হযরত শাহ্ নেয়ামত শাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে  র‌্যালি,মহড়া শেষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাকিবুল হাসান,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম,সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার একেএম সোহেল রানা,কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: মাহতাব মন্ডল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,হযরত শাহ্ নেয়ামত শাহ্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াছিন মিয়া, জগতপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহাগ খান প্রমুখ ।
আলোচনা শেষে বিদ্যালয়ের মাঠে কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: মাহতাব মন্ডল এর নেতৃত্বে ভুমিকম্প, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যায় তার উপর একটি মহড়া প্রদর্শন করা হয়। এসময় এনজিও, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সিপিপি সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।