শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাইমচরে আ’লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেওয়ায় সমন্বয়কের ওপর হামলা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৪:৩৮ পিএম
হাইমচরে আ’লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেওয়ায় সমন্বয়কের ওপর হামলা

চাঁদপুরের হাইমচরে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেওয়ায় আহসান হাবিব (২৭) নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে কুপিয়েছেন বিএনপির কর্মীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে হাইমচর সরকারি কলেজের সামনে বিএনপির একাংশের কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন।

পরে তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।

এ ঘটনায় মিরাজ নামের একজনকে আটক করেছে পুলিশ।

Model Hospital

আহত আহসান হাবিব বলেন, ‘গত ৪ আগস্ট হাইমচর উপজেলায় শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় গত ১৭ আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীসহ ৪৩ জনের নামে আমি মামলা করি। সেই মামলা তুলে নিতে উপজেলা বিএনপি নেতা আব্দুল জলিল মাস্টার আমাকে বারবার হুমকি দিচ্ছিলেন। সেই জের ধরে তার কর্মীরা আমার ওপর হামলা চালায়।’

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সর্দার আব্দুল জলিল মাস্টার।

তিনি বলেন, ‘আহসান হাবিবের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমি কেন তাকে আওয়ামী লীগের মামলা তুলে নিতে বলবো? আমি আওয়ামী লীগের সময় তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। বিএনপি করায় নির্যাতিত হয়েছি এবং জেল খেটেছি। সে যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করে সেটা সত্য নয়।’

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন জানান, এ ঘটনায় মিরাজ নামের একজনকে আটক করা হয়েছে। আরও যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।