রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১০:২০ পিএম
চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্ট

সাবেক ক্রিকেটারদের নিয়ে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪।

শুক্রবার ( ৮ নভেম্বর ) সকাল ৭টায় ৪ টি দল নিয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয় । টুর্নামেন্টে অংশ নেওয়ার দলগুলো হল দুর্দান্ত চাঁদপুর, দুর্বার চাঁদপুর, দুরন্ত চাঁদপুর ও দুর্নিবার চাঁদপুর।

লীগ পদ্ধতিতে শুক্রবার ও শনিবার প্রথম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ডের খেলা গুলো অনুষ্ঠিত হবে । আগামী সপ্তাহে টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, সাবেক ক্রিকেটার নুরুল আমিন খান আকাশ, ফয়সাল গাজী বাহার, শেখ মনজুরুল কাদের সোহেল, কামরুল ইসলাম, রকিবুল হাসান, তোফায়েল গাজী সবুজ, হানিফুর রহমান, রাসেল পাটওয়ারী, ক্রীড়া সাংবাদিক ইয়াসিন আরাফাত ( চৌধুরী ইয়াসিন ইকরাম) সহ সাবেক ক্রিকেটাররা।

Model Hospital

আয়োজকদের মধ্যে ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার কামরুল ইসলাম, সবুজ ও রকিবুল হাসান এ প্রতিবেদককে বলেন আমরা চাঁদপুর স্টেডিয়াম সহ জেলার সদরের বিভিন্ন স্থানে প্রতি শুক্রবারে সাবেক ক্রিকেটাররা ক্রিকেট খেলার জন্য সকালে মিলিত হই। আমরা গত কয়েক বছর ধরে নিয়মিত শুক্রবার সকাল বেলায় চাঁদপুর স্টেডিয়াম ক্রিকেট খেলি ।

ফ্রাইডে ক্রিকেট খেলায় অংশ নেওয়া ক্রিকেটারদের থেকে বাছাই করে ৪টি দল গঠন করে আমরা টুর্নামেন্টের আয়োজন করেছি ।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।