রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে

আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০:৫১ পিএম
আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মতলব উত্তর আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলের হাতে এলইডি তুলে দিচ্ছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মতলব উত্তরে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার গাজীপুর চেয়ারম্যান বাজার সংলগ্ন বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, মাদক কে দুরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে। আমাদের নেতা আরাফাত রহমান কোকো একজন ভালো খেলোয়াড় ছিলেন তার নামে যে খেলার আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই।
মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল উদ্দিন হিমেলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, মমিন প্রধানসহ আরো অনেকে। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্ণামেন্টে চর বাইশপুর শুভেচ্ছা স্পোটিং ক্লাব ২-০ গোলে গাজীপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।