হাজীগঞ্জে ১৮ মামলার আসামি আলোচিত মাদক সম্রাট জাকির গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮টি মাদক মামলা এবং চারটি মামলার ওয়ারেন্টি ভুক্ত আসামি বহুল আলোচিত মাদক সম্রাট জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের খলাপাড়া মুন্সিবাড়িতে অভিযান পরিচালনা করে মাদক সম্রাট জাকিরকে গ্রেপ্তার করেন হাজীগঞ্জ থানার এএসআই মোহাম্মদ আবুল খায়ের সহ সঙ্গীয় ফোর্স।

আটককৃত জাকির বাকিলার খলাপাড়া মুন্সিবাড়ির মৃত লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ১৮টি মাদক মামলা রয়েছে এবং এর মধ্যে একটি মামলায় তিন বছরের সাজার পাশাপাশি ৩,০০০ টাকা জরিমানা ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও চারটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জাকিরের মতো অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। জাকিরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সফল অভিযানের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রমে হাজীগঞ্জ থানা পুলিশের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পন্ন হলো।








