শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলন কমিটির ১৬০ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ পিএম
চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলন কমিটির ১৬০ জনের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর পদত্যাগের হিড়িক পড়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ২১৩ জনের এই কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন ১৬০ জন। এ ছাড়া কেন্দ্রের কাছে কমিটি প্রকাশের জবাবদিহিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির একাংশ।

সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি মোজাম্মেল হোসেন বলেন, ‘চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে যোগাযোগের পরও যেভাবে কমিটি দেওয়া হয়েছে তা আমাদের মনঃপুত হয়নি। রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরও প্রাধান্য দেওয়া হয়নি। তাই এই কমিটি বিতর্কিত। আমরা এই কমিটিকে বয়কট এবং অবাঞ্ছিত ঘোষণা করলাম।’

মোজাম্মেল হোসেন আরও বলেন, ‘২৪ এর আন্দোলনে শহীদ ও আহতরা যেই ম্যান্ডেডে আন্দোলন করেছে এই কমিটি সম্পূর্ণ তাদের ম্যান্ডেডের বিরুদ্ধে অবস্থান করেছে। এই কমিটি প্রকাশের পর জেলা ও উপজেলার ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে একটি কোন্দল সৃষ্টি হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। তাই ২১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির মধ্যে প্রায় ১৬০ জন পদত্যাগ করেছেন। যারা পদত্যাগ করেছেন তাদের অনেকেই জানতেন না এই কমিটিতে কীভাবে তাদের নাম এসেছে। শুধু এই কমিটিকে বয়কট বিবেচনা করে নতুন কমিটি দিলেই হবে না, কেন্দ্র আমাদের কাছে এই কমিটি নিয়ে জবাবদিহি করতে হবে।’

Model Hospital

সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাকিব হোসেন বলেন, ‘ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা কমিটি ঘোষণার লক্ষ্যে কেন্দ্র যেই আলোচনা করেছে সেখানে যেই কথাগুলো বলেছে বাস্তবে সেই কথা তারা রাখেনি। এই কমিটির মাধ্যমে জেলা ও উপজেলার মধ্যে বিভক্তি সৃষ্টি করে বৈষম্যের সংগঠনকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল কাজ করছে। আমরা চাইনা কারও কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনটি প্রশ্নবিদ্ধ হোক। তাই আমরা চাই সবার মতের ভিত্তিতে এই কমিটির গঠন করা হোক। তাই আমরা কেন্দ্রের কাছে অনুরোধ জানাব, অনতিবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার সাথে আলোচনার মাধ্যমে কমিটি দেওয়া হোক।’

এদিকে বুধবার রাতেই চাঁদপুরের যে কমিটি ঘোষণা করা হয়, তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital