বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ছাত্রদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৮:১৮ পিএম
মতলব উত্তরে ছাত্রদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগ
চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ি। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার তারাবি নামাজের পর রাত ১১টার দিকে উপজেলার নবীপুর গ্রামে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ির পাশে অপরিচিতি কয়েকজন লোক ও একটি দামি গাড়িসহ ৪/৫টি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছিল। তার কিছুক্ষণ পর ওই বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
এ সময় আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।  ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ঘরসহ সব আসবাবপত্র।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন বলেন, রাত ১১টার দিকে বাড়ি থেকে ফোন করে জানায় আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি এবং আমার পরিবারের লোকজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিগত কয়েক দিন ধরে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করি, তার সূত্রধরেই আওয়ামী লীগের দোসররা আমার বাড়িতে আগুন দিয়েছে। এতে আমার প্রায় সাড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি থানায় মামলা করব।
এ ঘটনায় মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital