বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অসহায় প্রতিবন্ধীকে ব্যবসায়িক পুঁজি ও হুইলচেয়ার দিলো প্রভাত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৯:৩০ পিএম
চাঁদপুরে অসহায় প্রতিবন্ধীকে ব্যবসায়িক পুঁজি ও হুইলচেয়ার দিলো প্রভাত
দেশের দারিদ্রতার হার যেন কমে আসে সেই লক্ষ্যে সরকারের পাশাপাশি উন্নয়নমূলক কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থা।
অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়াতে সংস্থাটি ‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ নামে এই প্রকল্পের মাধ্যমে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে তাদের আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে আত্মনির্ভর করে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে।
‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাধ্যমে বাছাই করা দরিদ্র পরিবারগুলোর মধ্যে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ এবং আত্মনির্ভর করে গড়ে তোলা হচ্ছে।
প্রকল্পটির আওতায় ব্যবসা প্রতিষ্ঠান, রিকশা, সেলাই মেশিন, গরু, ছাগল এবং অন্যান্য স্থিতিশীল সম্পদ সরবরাহ করা হয়, যা উপার্জনের উৎস এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২১ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের এক অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার ও তাকে স্বাবলম্বী করতে তার একটি টং দোকানের জন্য মালামাল ক্রয় করে দেয়া হয়।
ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম লোধেরগাঁও গাজী বাড়ির মকবুল হোসেনের ছেলে প্রতিবন্ধী শরীফ হোসেনকে এই সহায়তা করা হয়। সমাজের ধর্নাঢ্য ব্যক্তিদের আর্থিক সহায়তায় উক্ত ইভেন্টে উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোবারক হোসেন গাজী, সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, উক্ত সংগঠনের সহ সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাজদিদুর রহমান, সদস্য জাহিদুল ইসলাম আকাশ, আরজু আহমেদ, সিয়াম আহমেদ, মেহেরাব হোসেন নোবেল সহ আরো অনেকে। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন দোতলা শাহী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদির।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।