বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দুটি চুরির ঘটনায় ৩ চোর আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১:২৫ এম
শাহরাস্তিতে দুটি চুরির ঘটনায় ৩ চোর আটক
শাহরাস্তিতে পৃথক দুটি চুরির ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউপির শোরশাক উত্তরপাড়া নতুন বাড়ির  প্রবাসী মনির হোসেনের  ঘরে চুরির এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট  সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে একদল চোর তাদের গৃহে প্রবেশ করে ঘরে রক্ষিত মালামাল লুটে নেয়। গৃহকর্তা মনির বলেন, চোরের দল ঘরের স্টিলের সুকেসের তালা ভেঙ্গে ৬ জোড়া কানের দুল, ৪টি গলার চেইন, ৩টি আংটি যার নগদ মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকাসহ আনুমান আট ভরি স্বর্ণালংকার চুরি করে, যার বর্তমান বাজারদর ১০ লক্ষ টাকার অধিক।
তিনি আরো বলেন, ওই রাতে আমরা পরিবার পরিজন নিয়ে পার্শ্ববর্তী ফেরুয়া গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। পরে গভীর রাতে বাড়ি ফিরে লুণ্ঠনের এ ঘটনা প্রত্যক্ষ করি। পরের দিন শনিবার গৃহকর্তার স্ত্রী চামেলী আক্তার (৩৫) শাহরাস্তি থানায় একটি চুরিকাণ্ডের অভিযোগ দায়ের করেন।
ওই দিন স্থানীয় শোরশাক উত্তরপাড়া সৌদিয়া মার্কেটের সম্মুখে সন্দেহাতিতভাবে অভিযুক্ত তিন যুবককে আটক করে পুলিশে সোফর্দ করে।
আটককৃতরা হলেন শোরসাক গ্রামের মোঃ জাকির হোসেন (২০), মোঃ রকি(২০), মোঃ পিয়াস হাসান(২২)।
এদিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির বিজয়পুর তাজের বাড়ির প্রবাসী কামরুজ্জামান বাচ্চু গৃহের চুরির ঘটনা ঘটে। গৃহকর্তী হাসিনা আক্তার( ৫৫) জানান গত শুক্রবার দুপুরে আমার ছেলে সহ মেয়ের শ্বশুরালয়ে বেড়াতে যাই।
 ৬ এপ্রিল রোববার সকালে বাড়ি ফিরে গৃহে প্রবেশ করে আসবাবপত্র এলোমেলো দেখে সন্দেহ ঘনীভূত হয়। একপর্যায়ে তিনি ঘরের দক্ষিণ পাশে জানালার গ্রীল কাটা দেখতে পান। পরে অনুসন্ধান করে ঘরে আলমিরায় রক্ষিত ৩টি স্বর্ণের নাকের ফুল, ২টি স্বর্ণের চুড়ি, ১ জোড়া স্বর্ণের অলংকারসহ ৫ভরি স্বর্ণের মালামাল চুরি হয়েছে বলে নিশ্চিত হন, যার বাজার মূল্য ৮ লক্ষ টাকার অধিক।
একই সঙ্গে গৃহে থাকা নগদ ৫০ হাজার টাকা, একটি এইচপি মডেলের ল্যাপটপ, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী।
এ ব্যাপারে হাসিনা আক্তার( ৫৫)স্বামী মোঃ কামরুজ্জামান বাচ্চু বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তি বা চোরদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ চুরির ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।