বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মিজানুর রহমানের যোগদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ৭:১০ পিএম
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মিজানুর রহমানের যোগদান
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক হিসেবে মুঃ মিজানুর রহমান যোগদান করেছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) চাঁদপুর জেলা কার্যালয়ের উপ- পরিচালক মোহাম্মদ মুস্তাফিজ রহমান এর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
মুঃ মিজানুর রহমান ২০০১ সালে তার পেশাগত জীবন শুরু করেন। ইতোপূর্বে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হেডকোয়ার্টার, ব্রাহ্মণবাড়িয়া ও মেহেরপুর জেলায় সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মনে করেন তার নেতৃত্বে প্রবৃদ্ধি ও উদ্ভাবনী কার্যক্রমকে আরো গতিশীল হবে এবং চাঁদপুরকে জেলা মাদক নির্মূলে নতুন দিগন্ত উন্মোচন করবে।
মুঃ মিজানুর রহমান বলেন, মানুষ বিভিন্ন দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত থেকে ধীরে ধীরে মাদকাসক্তের দিকে এগিয়ে যায়। আবার অনেকেই দেখা যায় কোন কাজে সফলতায় পৌঁছাতে না পেরে মাদকাসক্ত জড়িয়ে পড়ে। আমাদের এসব থেকে বেরিয়ে আসতে হবে।
মাদক-কে না বলতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে। সামনের অনাগত ভবিষ্যৎ এবং নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হলে মাদক থেকে সর্বদা দূরে থাকতে হবে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান এর জন্ম ঢাকায়। চাঁদপুর জেলায় দায়িত্ব পালনে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।