শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জুলাই যোদ্ধাদের মাঝে ৫৯ লাখ টাকার চেক বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৮:৪৯ পিএম
চাঁদপুরে জুলাই যোদ্ধাদের মাঝে ৫৯ লাখ টাকার চেক বিতরণ

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত ৩০টি পরিবারের মাঝে ৫৯ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত ৩০টি পরিবারের মাঝে ৫৯ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা। জুলাই গণঅভ্যুত্থানের বীর সন্তানরা আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। জুলাই গণঅভ্যুথানে আহত জুলাই যোদ্ধাদের পাশে সব সময়ই বর্তমান সরকার আছে। তাদের যাবতীয় সহযোগীতায় ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। আপনারা জানেন এই অর্থের পেছনে কত আত্মত্যাগ রয়েছে। একজন শহীদ যখন পরিবার রেখে চলে যান, তখন তার বাবা-মা, স্ত্রী ও সন্তানদের মাঝে এই অর্থ বণ্টন করা আইনত নির্ধারিত। কিন্তু অনেকে আছেন যারা অনৈতিকভাবে এই টাকার ভাগ বণ্টন নিয়ে বিরোধে জড়াচ্ছেন।

তিনি আরও বলেন, মা থাকলে আশা করি তিনিই সঠিক বণ্টনের দায়িত্ব নিবেন। কারণ দিনশেষে সবাই পরিবার –নাতি-নাতনি,শ্বশুর-শাশুড়ি, সবাই মিলেই এই সহায়তার উপকারভোগী হবেন। তাছাড়া জুলাই গণঅভ্যুত্থানের আর্থিক সহায়তা অনুদান আইনত পাবেন মৃত ব্যাক্তির স্ত্রী-সন্তান ও বাবা মা।

Model Hospital

জেলা প্রশাসক বলেন, কিছু পরিবার থেকে অভিযোগ এসেছে, কেউ কেউ অনুদানের টাকা পেয়েও পরিবারের অন্য সদস্যদের দেননি। যেমন, শ্বাশুড়ি পুত্রবধূকে টাকা দেননি, বা ভাই টাকা নিয়ে ভাগ করেননি। এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি এবং জানান, যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাব রক্ষক ইকবাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital