বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আটক আসামীকে আদালতে প্রেরণ

মতলবে জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের উপর হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫, ৭:১২ পিএম
মতলবে জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের উপর হামলার ঘটনায় মামলা

জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মেহেদী হাসান।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন শ্রমিক লীগের নেতারা।
শনিবার (২৪ মে) রাত ১০টায়  উপজেলার নারায়ণপুর পূর্ব বাজারে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং ওই মামলায় শাহজাহান প্রধান নামে  একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক শাহজাহান নিষিদ্ধ সংগঠন শ্রমিকলীগের নারায়ণপুর ইউনিয়ন শাখার সভাপতি।
আহত মেহেদী হাসান মতলব দক্ষিণ উপজেলার পাচঁঘড়িয়া গ্রামের হানিফ খানের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,  নারায়ণপুর বাজারে মেহেদী হাসানের ভগ্নিপতি নাঈমের বীজ ও কীটনাশক ঔষধের দোকানে গিয়ে চাঁদা দাবী করে শাহজাহান প্রধান ও নবীর হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ। দোকানে থাকা নাঈমের শ্বশুর হানিফ খান চাঁদা দিতে অস্বীকার করলে দোকানে ঢুকে জামাই- শ্বশুরকে মারধর করে।
হানিফ খান মোবাইলে তার ছেলে  মেহেদী হাসানকে বিষয়টি অবহিত করলে সাথে সাথে নিজ বাড়ি থেকে ঘটনাস্থলে আসে মেহেদী হাসান। ঘটনা সম্পর্কে জানতে চাইলে তার উপরও অতর্কিত হামলা চালায় তারা। এসময় হামলাকারীরা মেহেদী হাসানকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী মেহেদী হাসানকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান।
খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ এবং সেনাবাহিনীর একটি টিম রাতেই ঘটনাস্থলে ছুটে যান।
আহত মেহেদী হাসান বলেন, শাহজাহান ও নবীর দলবল নিয়ে আমার ভগ্নিপতির দোকানে গিয়ে চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় দোকানে থাকা আমার বাবা ও ভগ্নিপতি নাইমকে মারধর করে। বাবা আমাকে ফোনে জানালে আমি বাড়ি থেকে ঘটনাস্থলে যাই এবং কিসের চাঁদা জানতে চাইলে ধারালো অস্ত্র দিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায় শাহজাহান প্রধান ও নবীরসহ ১০ থেকে ১৫ জন যুবক।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ্ আহাম্মদ বলেন, হামলার সংবাদ পাওয়ার সাথে সাথে ফোর্স নিয়ে  আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং শাহজাহান প্রধান নামক একজনকে আটক করা হয়।তাকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মেহেদীর বাবা হানিফ খান।
আজ রবিবার (২৫ মে-২০২৫) দুপুরে আটককৃত আসামীকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে অপর আসামীদের গ্রেফতার করতে যৌথবাহিনি কাজ করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।