বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হ্যালো সুপারস্টারসের ব্যবস্থাপনায় লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:১৪ পিএম
হ্যালো সুপারস্টারসের ব্যবস্থাপনায় লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ
মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশের বাছাইকৃত অনূর্ধ্ব ১৬ ফুটবল দল। তবে বাছাই প্রক্রিয়া ও ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব পেয়েছে চাঁদপুরের ব্যক্তি মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মোবাইল এপ্লিকেশন হ্যালো সুপারস্টারস ও জাফরানী স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রচিত হতে যাচ্ছে এক নতুন ইতিহাস! বিশ্ববিখ্যাত স্পেনের লা লিগা এবার প্রথমবারের মতো মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে।
বাংলাদেশ থেকে বাছাইয়ের মাধ্যমে সেরাদের নিয়ে অনূর্ধ্ব-১৬ ফুটবল দল গঠন এবং প্রতিনিধিত্বের দায়িত্ব পেয়েছে হ্যালো সুপারস্টারস।
গত মাসের ২ মে তারিখে লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫ মালয়েশিয়ার পরিচালক ড্যানিয়েল ওং অফিসিয়ালি হ্যালো সুপারস্টারসের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসানকে এ আয়োজনে সম্পৃক্ত হওয়ার আমন্ত্রণ জানান।
হ্যালো সুপারস্টারস অ্যাপের ই-ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমের দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মেধাবী ও দক্ষ ফুটবলারদের সুচারু বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সেরা ১৬ (বয়স ১৪ থেকে ১৬) জনের সমন্বয়ে গঠিত ফুটবল দলটি সম্পূর্ণ বিনা খরচে লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে উড়াল দেবে মালয়েশিয়ায়।
বাংলাদেশ প্রথমবারের মতো যুক্ত হলেও বর্তমানে ও বিগত দিনগুলোতে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, চীন, ফিলিপাইন, ভারত ও মালদ্বীপসহ এশিয়ার ফুটবল পরাশক্তিরা এ আয়োজনে অংশগ্রহণকারী দল।
গত পহেলা জুন থেকে ১৭ জুন মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে এ বাছাই প্রতিযোগিতা প্রক্রিয়ায় অংশগ্রহণকারীরা এককভাবে ও দলীয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। হ্যলো সুপারস্টারসের তত্ত্বাবধানে বাছাই প্রক্রিয়ায় বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তিনজন সাবেক অধিনায়ক কায়সার হামিদ, জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম মামুন।
হ্যালো সুপারস্টারস ও জাফরানী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান বলেন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশের হয়ে একটি দল অংশগ্রহণের ব্যবস্থা করেন, যা বাংলাদেশের ফুটবল অঙ্গনে একটি মাইলফলক পদক্ষেপ হয়ে থাকবে, অদূর ভবিষ্যতে বাংলাদেশে লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এর আয়োজন করার জোর চেষ্টা চালাচ্ছেন।
জানা যায়, হ্যালো সুপারস্টারসের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড টাহরখিল পাটওয়ারী বাড়ির মরহুম জাফর উল্যাহ পাটওয়ারীর ছেলে।
তিনি তার বাবা মরহুম জাফর উল্ল্যাহ পাটওয়ারী ও মা খন্দকার সেলিনা আক্তার রানী’র নাম জুড়ে “জাফরানী স্পোর্টিং ক্লাব” প্রতিষ্ঠা করেন। এই ক্লাবের তত্ত্বাবধানে এত বড় একটি আয়োজনে সম্পৃক্ত থেকে চাঁদপুরের সুনাম বয়ে আনবে বলে আশাবাদী দায়িত্বশীলরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।