৩ জনকে ঢাকায় প্রেরণ
মতলব-বাবুরহাট সড়কে মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু
চাঁদপুরের বাবুরহাট-মতলব সড়কে আবারও দুর্ঘটনা ঘটেছে। তবে এবার যাত্রীবাহী বাস নয়, মোটরসাইকেল চাপায় ওয়াজ উদ্দিন (৬৫) নামক পথচারী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী-স্ত্রী, তার শিশু সন্তান।

রবিবার (২২ জুন) সন্ধ্যায় মতলব -বাবুরহাট সড়কের ডাকঘর নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ওয়াজ উদ্দিনের বাড়ী চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী শিপন খান জানান, ওয়াজ উদ্দিন নামক বৃদ্ধ লোকটি ডাকঘর এলাকায় মুদী দোকানে বসে চা খেয়ে রাস্তা পারাপারের সময় ফরিদগঞ্জ থেকে আাসা মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। সাথে সাথে পথচারী বৃদ্ধ লোকটি ছিটকে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আহত হয়।

পরে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী, তার স্ত্রী ও শিশু সন্তান।
তাদের তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।





