শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় অটোরিকশা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:০৭ পিএম
কচুয়ায় অটোরিকশা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

অটোরিকশা চোর চক্রের ৫ সদস্য।

চাঁদপুরের কচুয়া উপজেলার আইনগীরী নামক এলাকা থেকে অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া অটোরিকশা।
সোমবার (২৩ জুন) দিনগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলেন-কচুয়া পৌর এলাকার মোঃ হাবিবুর রহমান (২৫), মোঃ মানিক হোসেন (২৮),  শাহাদাৎ হোসেন (২৪), মোঃ সোহাগ হোসেন (২৮) ও চট্টগ্রাম খুলশী থানা এলাকার মো. রাজু মিয়া (২৬)।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে গ্রেপ্তার আসামীদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।
পুলিশ জানায়, উপজেলার কড়ইয়া এলাকার ব্যবসায়ী মো. জামাল হোসেন তার দোকানের মালামাল বহন করার জন্য একটি ব্যাটারী চালিত অটোরিকশা ক্রয় করেন। এটির চালক ছিলেন মো. ইয়াছিন। তিনি গত ২০ জুন দুপুরে কড়ইয়া পশু হাসপাতালের উত্তর দিকে রাস্তার উত্তর পাশে অটোরিকশা রেখে জুমার নামাজ পড়ার জন্য ডাক বাংলা জামে মসজিদে যান। নামাজ শেষে অটোরিকশাটি আর যথাস্থানে পাননি। এই ঘটনায় ২৩ জুন অটোরিকশার মালিক জামাল থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের গ্রেপ্তার করেন এবং আইনগিরী দক্ষিন বাজারের জনৈক ফারুক এর মার্কেটের নিচতলার গ্যারেজ হতে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে। আসামীদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital