বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে স্বাস্থ্যসেবা কেন্দ্র দখল, দখলমুক্ত করলো প্রশাসন

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:৫৭ পিএম
ফরিদগঞ্জে স্বাস্থ্যসেবা কেন্দ্র দখল, দখলমুক্ত করলো প্রশাসন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দরিদ্র মানুষের চিকিৎসাসেবার জন্য স্থাপিত একটি উপ-স্বাস্থ্যকেন্দ্র দীর্ঘদিন মালিকানা জটিলতায় অবরুদ্ধ ছিল।

অবশেষে উপজেলা প্রশাসনের যৌথ বাহিনীর অভিযান চালিয়ে এটি দখলমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন ২০২৫) দুপুরে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাঁশারা কমিউনিটি ক্লিনিকটি দখলমুক্ত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া। এ সময় দখলদার শারমিন আক্তার শাহানাজকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জানা গেছে, সিবিএইচসি (CBHC) প্রকল্পের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে স্থানীয় নোয়াব আলী ভূঁইয়া, মনোয়ারা বেগম ও মনির উদ্দিনের দেওয়া জমিতে ক্লিনিকটি নির্মাণ করা হয়। ২০১৮ সালে নির্মাণকাজ শুরু হয়ে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি এটি উদ্বোধন করা হয়। এরপর থেকে নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে আসছিল ক্লিনিকটি।

Model Hospital

কিন্তু সম্প্রতি স্থানীয় আব্দুর রহিম ও তার স্ত্রী শারমিন আক্তার শাহানাজ জমির মালিকানা দাবি করে ক্লিনিকের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে থাকেন। এ বিষয়ে তাঁরা আদালতেও মামলা করেন। গত ১৪ জুন ওই দম্পতি তাদের লোকজন নিয়ে ক্লিনিকে এসে চিকিৎসককে মারধর করেন এবং প্রবেশপথে গাছ দিয়ে বেড়া দিয়ে ক্লিনিকটি কার্যত অবরুদ্ধ করে ফেলেন। এতে কয়েকদিন ধরে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ ছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, ‘আমরা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে প্রশাসনের সহযোগিতায় ক্লিনিকটি দখলমুক্ত করেছি এবং পুনরায় স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে।’ এ ঘটনায় ২২ জুন থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, ‘গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা ক্লিনিকটি দখলমুক্ত করেছি। সরকারি কাজে যেকোনো ধরনের বাধা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital