বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে শিয়ালের কামড়ে আহত-১০

মো.মোশারফ হোসেন প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৮:১৫ পিএম
হাজীগঞ্জে শিয়ালের কামড়ে আহত-১০

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামে দুটি শিয়ালের হঠাৎ আক্রমণে অন্তত ১০ জন গ্রামবাসী আহত হয়েছেন।

শনিবার (২৮ জুন) ভোরবেলা এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান- ভোরে অনেকেই ঘুম থেকে উঠে রাস্তায় বের হলে হঠাৎ মুখোমুখি হন দুটি বন্য শিয়ালের সঙ্গে। এক মুহূর্তের মধ্যে শুরু হয় তাণ্ডব। শিয়াল দুটি একের পর এক পথচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে ও কামড়ে দেয়। এ সময় গ্রামে শুরু হয় হুলস্থুল ও আতঙ্ক। প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটতে থাকেন স্থানীয়রা। অনেকে লাঠিসোঁটা ও ঘরের হাতের কাছে যা পেয়েছেন, তা দিয়েই প্রতিরোধের চেষ্টা চালান। তবে ততক্ষণে বেশ কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে কিশোর, যুবক ও বৃদ্ধ রয়েছেন। প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে গুরুতর আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়। এখনো অনেকেই আতঙ্কে ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছেন না।

Model Hospital

গ্রামবাসীদের ভাষ্যমতে, ফুলছোঁয়া গ্রামের এক পুরনো বড় মাটির ঢিবির নিচে বহুদিন ধরে শিয়ালের একটি পরিবার বসবাস করে আসছে। ধারণা করা হচ্ছে, খাদ্য সংকট বা অন্য কোনো কারণেই শিয়াল দুটি হঠাৎ হিংস্র হয়ে ওঠে এবং মানুষের উপর আক্রমণ চালায়।

ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে শিয়াল আতঙ্ক। শিশুদের বাইরে খেলতে দেওয়া হচ্ছে না, কৃষকরা মাঠে কাজ করতে গেলেও রয়েছেন সতর্ক অবস্থানে। কেউ কেউ রাতে পাহারার ব্যবস্থাও বিবেচনা করছেন।

এদিকে প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জনবল ও পরিবহন সংকটের কারণে তারা নিজেরা শিয়াল ধরতে পারছেন না। তবে গ্রামবাসী যদি শিয়াল ধরতে সক্ষম হন, তাহলে তা বনে অবমুক্ত করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

বর্তমানে গ্রামবাসীরা বন্যপ্রাণী আইন মেনে শিয়ালের আক্রমণ থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত প্রশাসনিক সহায়তার দাবি জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital