শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নকল ব্র্যান্ডে বিভ্রান্ত ভোক্তারা, শীঘ্রই আসছে আসল ‘কাচ্চি ডাইন’

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:০৮ এম
চাঁদপুরে নকল ব্র্যান্ডে বিভ্রান্ত ভোক্তারা, শীঘ্রই আসছে আসল ‘কাচ্চি ডাইন’

ঢাকার জনপ্রিয় ও স্বত্বাধিকার সংরক্ষিত রেস্টুরেন্ট ব্র্যান্ড ‘কাচ্চি ডাইন’ যার নাম শুনলেই কাচ্চি প্রেমীদের জিভে পানি আসে। রাজধানীতে ব্যাপক জনপ্রিয় এই রেস্টুরেন্টের নামে সদৃশতা রেখে চাঁদপুর শহরে গড়ে উঠেছে নতুন একটি রেস্টুরেন্ট ‘কাচ্চি ডাইনিং’। নাম, লোগো, রঙ ও ফন্টের এমন অভিন্ন ব্যবহার হয়েছে যে, সচেতন ভোক্তারাও প্রথম দেখায় বিভ্রান্ত হচ্ছেন।

চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায় মীর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় নতুন রেস্টুরেন্টটির উদ্বোধন উপলক্ষে তিনদিনব্যাপী ৩০% ছাড়ের ঘোষণা দিলে ক্রেতাদের ভিড় লক্ষ করা যায়। তবে উদ্বোধনের দিন থেকেই শহরে শুরু হয়েছে বিতর্ক ও প্রশ্ন। অনেকেই একে ‘ব্র্যান্ড জালিয়াতি’ এবং ‘ভোক্তা প্রতারণা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, ‘কাচ্চি ডাইন’ একটি ট্রেডমার্ককৃত প্রতিষ্ঠান এবং এর নাম ও লোগো নিবন্ধিত। চাঁদপুরে যে ‘কাচ্চি ডাইনিং’ নাম ব্যবহার করা হচ্ছে, তার জন্য ঢাকার মূল কোম্পানির কোনো অনুমোদন নেওয়া হয়নি। শুধু নাম নয়, অভিযোগ রয়েছে রেস্টুরেন্টটির ইন্টেরিয়র ডিজাইন, লোগো এবং রঙের সংমিশ্রণ পর্যন্ত ঢাকার মূল ‘কাচ্চি ডাইন’ থেকে হুবহু কপি করা হয়েছে।

চাঁদপুরের সচেতন নাগরিক তাহমিনা বেগম বলেন, “প্রথমে দেখে ভেবেছিলাম, ঢাকার সেই আসল কাচ্চি ডাইনই চাঁদপুরে এসেছে। কিন্তু পরে খেয়াল করে দেখি, নামটা একটু অন্যরকম। এটা এক ধরনের প্রতারণা।”

Model Hospital

এ বিষয়ে ‘কাচ্চি ডাইন’-এর ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ মুশফিকুর রহমান বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত। ‘কাচ্চি ডাইন’ একটি ট্রেডমার্ককৃত ব্র্যান্ড, যার সঙ্গে ‘কাচ্চি ডাইনিং’-এর কোনো সম্পর্ক নেই। তারা আমাদের নাম, লোগো ও ডিজাইন নকল করে চালাচ্ছে। তবে আমাদের পক্ষে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ সময় তিনি জানান, চাঁদপুরবাসীর জন্য সুসংবাদ হচ্ছে আগামী ছয় মাসের মধ্যে ‘কাচ্চি ডাইন’ নিজস্ব শাখা চাঁদপুরে চালু করতে যাচ্ছে।”

চাঁদপুরের ভোক্তারা বলছেন, বাজারে প্রতিযোগিতা থাকলেও এ ধরনের ব্র্যান্ড সাদৃশ্য ও প্রতারণামূলক কার্যক্রম ভোক্তার আস্থা নষ্ট করে এবং বাজারে বিভ্রান্তি সৃষ্টি করে। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের কাছে দ্রুত তদন্ত এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital