চাঁদপুরে কচুর লতি তুলতে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুরে কচুর লতি তুলতে গিয়ে সাপের কামড়ে মনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ৭নং ওয়ার্ডের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে মনোয়ারা বাড়ির পাশে কবরস্থান সংলগ্ন একটি জমিতে কচুর লতি তুলছিলেন। ওই সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তিনি দ্রুত বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানালে তাৎক্ষণিক চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সচেতনতা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

এবিষয়ে চিকিৎসকরা জানান, সাপে কাটার পর দ্রুত চিকিৎসা নেওয়া না গেলে প্রাণহানির আশঙ্কা বেশি। এ ধরনের ঘটনায় সাথে সাথে চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো এবং প্রতিক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।






