ক্যান্সারসহ ৬ ব্যাধিতে আক্রান্ত ৮৭ রোগী ও ৮৪ এতিম শিশুদের মাঝে
শাহরাস্তিতে সমাজসেবা অধিদপ্তরের ৫৩ লাখ টাকার অনুদান বিতরণ
মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৯:৩৫ পিএম
শাহরাস্তি উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে অসুস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে ৫৩লক্ষ ৫৮ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার, ৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
তিনি বক্তব্যে, অসুস্থ মানুষদের সহায়তায় সরকারের এই অনুদানের টাকা বিতরণ করতে পেরে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে অসুস্থদের চিকিৎস্বার্থে এই অনুদানের টাকা সঠিক ভাবে ব্যবহারেরও পরামর্শ প্রদান করেন।
তিনি আরও জানান, জেলা কমিটির সদস্য হিসেবে এ অনুদান কর্মসূচির আওতায় আরও বেশি সংখ্যক রোগী অন্তর্ভুক্তির চেষ্টা অব্যাহত থাকবে। পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের দুরারোগ্য ৬ ব্যাধিতে আক্রান্ত রোগীদের সহায়তা কর্মসূচির আওতায় শাহরাস্তি উপজেলায় মোট ৮৭ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা হারে ৪৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। যার মধ্যে রয়েছেন: ৫৫ জন ক্যান্সার রোগী,৮ জন কিডনি রোগী, ৩ জন লিভার সিরোসিস রোগী,১১ জন স্ট্রোকে প্যারালাইজড রোগী, ৬ জন থ্যালাসেমিয়া রোগী,৪ জন জন্মগত হৃদরোগী।
এছাড়া, শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় উপজেলার ৫টি এতিমখানার ৮৪ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর জন্য ১০,০৮,০০০ (দশ লক্ষ আট হাজার) টাকা সহায়তা প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ৫৩,৫৮,০০০ (তেপ্পান্ন লক্ষ আটান্ন হাজার) টাকার চেক বিতরণ করা হয়।
সুবিধা প্রাপ্ত ৫ টি এতিমখানা গুলো হল, শাহরাস্তি চিশতিয়া এতিমখানা, মনুমিয়া সুলতানা বালিকা এতিমখানা, শুচিপাড়া এতিমখানা, ভোলদীঘি এতিমখানা, নোয়াগাঁও ইসলামিয়া সুফিয়া এতিমখানা।
অনুষ্ঠানে ইউএসডব্লিউ কর্মকর্তা মোহাম্মদ আওলাদ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামছুল আমীন, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ,সুবিধাভোগী অসুস্থ অসহায় রোগীরা।
অনুষ্ঠানে এক উপকারভোগী আবেগঘন কণ্ঠে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তাকে আশীর্বাদ হিসেবে উল্লেখ করেন।





