বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দুই দশকের চাঁদপুর সফরমালী গরুর হাট বন্ধ ঘোষণা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১:০৩ পিএম
দুই দশকের চাঁদপুর সফরমালী গরুর হাট বন্ধ ঘোষণা প্রশাসনের

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী সফরমালীর দুই দশকের গরুর হাট হঠাৎ বন্ধ করে দিলো প্রশাসন। কল্যাণপুর ইউনিয়নের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী গরুর হাট সফরমালী যেখানে প্রতি সোমবার ভোর থেকে শুরু হতো গরুর ডাক, হকারদের হাঁকডাক আর ক্রেতা-বিক্রেতার গুঞ্জন। সেই হাট হঠাৎই নিস্তব্ধ হয়ে গেল প্রশাসনের কড়া পদক্ষেপে।

১৪ জুলাই সোমবার দুপুরে এই হাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া এবং সেনাবাহিনীর সদস্যরা। প্রশাসনের নির্দেশ অমান্য করায় হাট বন্ধে নেওয়া হয় কঠোর ব্যবস্থা।

জানা যায়, সাবেক এমপি মরহুম হারুনুর রশিদের ছেলেরা নিজেদের জমিতে কোনো প্রকার ইজারা ছাড়াই বহু বছর ধরে এই হাট বসিয়ে আসছিলেন। আগেও একাধিকবার প্রশাসন হাট বন্ধের উদ্যোগ নিলেও মালিকপক্ষ হাইকোর্টে রিট করে স্থিতাবস্থা আদায় করতে সক্ষম হয়েছিল। কিন্তু অবশেষে দুই দশকের পর সেই স্থিতাবস্থা ভেঙে গেল, হাটের মাঠে নেমে এলো প্রশাসনের সিলমোহর।

Model Hospital

অভিযানের দিন হাটে নেমেছিল অদ্ভুত এক অস্থিরতা। ব্যাপারীরা তড়িঘড়ি করে গরু গুটিয়ে ফিরছিলেন, হাটের চারপাশে ছড়িয়ে পড়েছিল ধুলোর ঝড় আর ফিসফিসানি, এই হাট কি আর ফিরবে?

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হাটটি সম্পন্নভাবে বন্ধ থাকবে।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।