শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

পারিবারিক কলহের অভিযোগ

হাজীগঞ্জে কীটনাশক পানে তরুণীর মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:৫৯ পিএম
হাজীগঞ্জে কীটনাশক পানে তরুণীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া এলাকায় কীটনাশক পান করে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত মৌসুমী আক্তার (২২) পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. ইসমাইল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই (শুক্রবার) বিকেল আনুমানিক সাড়ে ৪টায় পারিবারিক কলহের জেরে মৌসুমী নিজ বাসায় কীটনাশক পান করেন। তিনি রান্ধুনীমুড়া এলাকার জনৈক সোহাগের মালিকানাধীন একটি সেমিপাকা ঘরে স্বামীর সঙ্গে বসবাস করতেন। ঘটনার সময় মৌসুমী গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বামী ইসমাইল ও প্রতিবেশীরা তাঁকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিকিৎসকরা মৌসুমীর অবস্থার অবনতি দেখে প্রথমে চাঁদপুর সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ আগস্ট (শুক্রবার) ভোররাত আনুমানিক ৩টায় কর্তব্যরত চিকিৎসক মৌসুমীকে মৃত ঘোষণা করেন।

সকালে মৌসুমীর মরদেহ তার মা–বাবা ও শ্বশুর-শাশুড়ি বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এসআই (নিঃ) মো. নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এক কর্মকর্তা।

Model Hospital

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমী ও ইসমাইলের বিয়ে হয়েছে প্রায় ১১ থেকে ১২ বছর আগে। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। মৌসুমীর আত্মহত্যার পেছনেও পারিবারিক দ্বন্দ্বই কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাজীগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।