বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

নূরীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৪:৫৯ পিএম
নূরীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা
“যাদের আত্মত্যাগের বিনিময়ে পেলাম নতুন বাংলাদেশ, আমরা তোমাদের ভুলবো না” — এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫।
সোমবার, ৪ আগস্ট দুপুর ১২টায় মাদ্রাসার হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর আগে অনুষ্ঠিত হয় কোরআন তেলাওয়াত, হামদ, নাত, ইসলামী সংগীত, কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা, ২৪ এর রঙেও গ্রাফিতে এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চান্দ্রা ইউনিয়নের কৃতি সন্তান ও চাঁদপুর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আব্দুল কাদের খান। তিনি বলেন, “শহীদদের আত্মত্যাগের কথা শুধু স্মরণ করলেই হবে না, তাদের আদর্শ বুকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে।”
“যাদের আত্মত্যাগের বিনিময়ে পেলাম নতুন বাংলাদেশ, আমরা তোমাদের ভুলবো না” এই স্লোগান সত্যিই আমাদের চেতনার মূলে স্পর্শ করে। যারা দেশ ও জাতির জন্য আত্মোৎসর্গ করেছেন, আমরা আজ তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাঁদের দেখানো পথ অনুসরণে প্রতিজ্ঞাবদ্ধ হই।
এই মাদ্রাসা শুধু শিক্ষা প্রদান করে না, বরং সমাজ গঠনের জন্য আদর্শ মানুষ তৈরির কারখানা। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব আলেম, শিক্ষক ও সমাজসেবকদের, যাঁরা এই প্রতিষ্ঠানের ভিত্তি গড়ে তুলেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্জয় পাটওয়ারী, আল-আমিন একাডেমী মাদ্রাসার শিক্ষক আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদ এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক এস এম আহসান হাবীব।
আরো বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা সালাউদ্দিন চাদপুরী, শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ইংরেজি মোঃ ফয়েজ উল্লাহ, সহকারী অধ্যাপক মাহামুদুল হাসান, সহ শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ ইয়াছিন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন মোঃ ফরহাদ আলিম।
সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।