বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর পৌরসভায় ওএমএস চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:২৩ পিএম
চাঁদপুর পৌরসভায় ওএমএস চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন
সরকারি ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকালে শহরের ওয়্যারলেস বাজারসংলগ্ন “রাহা জেনারেল স্টোর” প্রাঙ্গণে এই কার্যক্রমের শুরু হয়েছে।
এই কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ওএমএস কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৫ কেজি চাল ৩০ টাকা কেজি দরে এবং ২৪ টাকা কেজি দরে আটা দেওয়া হচ্ছে।
এই উদ্যোগ নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে।
চাল বিতরণ কার্যক্রম পরিচালনার সময় ১৩ নং ওয়ার্ড ওএমএস ডিলার মোঃ হারুনুর রশিদ, হাফেজ মোঃ জাকির হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক , সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা এই কর্মসূচিকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে স্বাগত জানান।
উল্লেখ্য, দেশে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান চাপে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এমন পরিস্থিতিতে ওএমএস কার্যক্রম সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে স্থানীয়দের অভিমত, কার্যক্রমটি আরও বিস্তৃতভাবে পরিচালনা করলে উপকারভোগীর সংখ্যা আরও বাড়ানো সম্ভব।
সুষ্ঠু বণ্টন, স্বচ্ছতা এবং কার্যকর মনিটরিংয়ের মাধ্যমে ওএমএস কার্যক্রম চাঁদপুরের মতো অন্যান্য জেলা ও ওয়ার্ডেও কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানান সচেতন নাগরিকরা।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।