বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

জাতিসংঘের মানবাধিকার চুক্তি বাতিলের দাবিতে চাঁদপুর জেলা জমিয়তের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৯:৫৬ পিএম
জাতিসংঘের মানবাধিকার চুক্তি বাতিলের দাবিতে চাঁদপুর জেলা জমিয়তের স্মারকলিপি প্রদান

জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন এর হাতে স্মারকলিপি তুলে দেন চাঁদপুর জেলা জমিয়ত নেতৃবৃন্দ।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি দিয়েছে চাঁদপুর জেলা জমিয়তে উলামায়ে ইসলাম।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন এর হাতে স্মারকলিপি তুলে দেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশাহ, জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মঈনুদ্দিন মানিক, জেলা যুব জমিয়তের সদস্য সচিব হাফেজ মাওলানা মাযহারুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা মনিরুল ইসলাম প্রমূখ।
স্মারকলিপি প্রধান শেষে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন যাবত দেশের জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জমিয়ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করে আসছে। বিগত জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাতারে একাকার হয়ে অগ্রণী ভূমিকা পালনকারী এই দল অন্তর্বর্তী সরকারকেও সার্বিক সহযোগিতা করে আসছে।
তবে দুঃখজনক হলেও সত্য যে, সম্প্রতি বর্তমান সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ আলোচনা ছাড়াই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু সংক্রান্ত ৩ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশ ও বিদেশে ব্যাপক ভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। এ চুক্তির ফলে এক দিকে যেমন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে, এতদাঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ আক্রান্ত হবে, অপরদিকে জুলাই গণ-অভ্যুত্থানের অবেদন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে।
এমতবস্থায় দেশের জনগণ ও ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে আমরা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট ঢাকায় জাতিসংঘের মানবাধিকর কমিশনের অফিস খোলার চুক্তি বাতিল করার জোর দাবি জানাচ্ছ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।