রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলবে তিন জনের বিএনপিতে আনুষ্ঠানিক যোগদান

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১০:২৭ এম
মতলবে তিন জনের বিএনপিতে আনুষ্ঠানিক যোগদান
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নে বিএনপির তিন কর্মী সমর্থক যোগ দিলেন তাদের প্রিয় সংগঠনে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ দলীয় কার্যালয়ে তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন দলীয় নেতৃবৃন্দ।
উক্ত ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ সভাপতি ও উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন পাটোয়ারী।
ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন তপদারের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বকাউল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোশারফ হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আবুল কালাম।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহআলম মিজি, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করিম মিজি, ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি পাবেল হোসেন, সাধারণ সম্পাদক মমিন মিজি, যুবদল নেতা সোহেল বকাউল, জলিল বেপারী, খোরশেদ আলম, এমরান মোল্লা, কাউছার মুন্না, আবু বক্কর তপদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান তপদার, সাংগঠনিক সম্পাদক মামুন মিজি, রাকিবুল হাসান সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হান্নান মাল, শাহাদাত তপদার ও মুরাদ তপদার এতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সমর্থক হয়ে কাজ করলেও শুক্রবার তারা আনুষ্ঠানিকভাবে তাদের প্রিয় সংগঠনে যোগদান করেন।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।