বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৯:৩৯ পিএম
ফরিদগঞ্জে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকাসক্ত ছেলের ভয়ে অতিষ্ঠ হয়ে অবশেষে তাকে পুলিশের হাতে তুলে দিলেন এক অসহায় পিতা।
রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাব্দেরগাঁও গ্রামের দিনমজুর বাবুল হোসেন (৫০) নিজ হাতে ছেলেকে বেঁধে পুলিশের হাতে দেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল হোসেনের তিন সন্তানের মধ্যে বড় ছেলে হাছান (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। দুই সন্তানের জনক হাছান মাদকের টাকার জন্য প্রায়ই পিতা-মাতা ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাত। কিছুদিন আগে তার ঘরে আরও একটি নবজাতকের জন্ম হলেও সেই নিষ্পাপ সন্তানের হাসিও তাকে মাদকের নেশা থেকে ফিরিয়ে আনতে পারেনি।
সেদিন সকালে হাছান মাদকের টাকার জন্য পিতা-মাতা আম্বিয়া বেগম ও বাবুল হোসেনকে মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে স্থানীয়রা তাকে বেঁধে রেখে ইউপি সদস্য লিটন হোসেনকে খবর দেন। তার পরামর্শেই পুলিশকে জানানো হয়।
বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, একাধিকবার পুলিশের হাতে হাছানকে তুলে দেওয়া হলেও পুলিশ তাকে আটক না করে ছেড়ে দিয়েছিল।
এ বিষয়ে হাছানের মা আম্বিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অতিষ্ঠ হয়ে গেছি। ছেলে মেয়েরা খুন করলেও বাবা-মা তাদের পক্ষ নেয়। কিন্তু এ ছেলে আমাদের পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে। যারা তার হাতে মাদক তুলে দিয়েছে, তারা-ই আসল অপরাধী। তাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক।”
ইউপি সদস্য লিটন হোসেন বলেন, এই ছেলেকে একাধিকবার পুলিশে দেওয়া হয়েছে। মাদকের কারণে সমাজ ধ্বংস হচ্ছে। সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।