আন-নূর ইসলামি পাঠাগারের উদ্যোগে
ইউসুফ মিয়াজির অর্থায়নে টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েল স্থাপন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিশুদ্ধ পানির দীর্ঘদিনের চাহিদা পূরণে স্থাপন করা হলো একটি টিউবওয়েল। আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবক ও টামটা গ্রামের কৃতি সন্তান ইউসুফ মিয়াজির অর্থায়নে এ টিউবওয়েল স্থাপন করা হয়।

আজ সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিদ্যালয়ের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাগারের সেক্রেটারি আব্দুর রহমান আরজু, সহ-সেক্রেটারি মারুফ মজুমদার, সহ-অফিস সম্পাদক তানভির, প্রচার সম্পাদক দিদার হোসাইন, উপদেষ্টা ইকবাল পাটোয়ারী, ডা. আনোয়ার হোসেন, আব্দুল আউয়ালসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রনেতা মাহবুব আলম ও আখতার হোসেন শিহাবসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান শিক্ষক উদ্বোধনী বক্তব্যে ইউসুফ মিয়াজি এবং আন-নূর ইসলামি পাঠাগারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

ছাত্রনেতা মাহবুব আলম বলেন, “এই টিউবওয়েলের মাধ্যমে দাতা ব্যক্তি ও সংগঠন সাদকায়ে জারিয়ার অংশীদার হবেন। মৃত্যুর পরও তারা এর থেকে সওয়াব অর্জন করবেন।”

অনুষ্ঠান শেষে দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিউবওয়েলের হাতল চেপে উদ্বোধন করেন।





