বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বাস মালিকদের দ্বন্দ্বে জিম্মি যাত্রীরা, শ্রমিক বিক্ষোভ

শাহরাস্তি অফিস প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬:০৩ পিএম
শাহরাস্তিতে বাস মালিকদের দ্বন্দ্বে জিম্মি যাত্রীরা, শ্রমিক বিক্ষোভ
শাহরাস্তিতে দুই পরিবহন মালিকপক্ষের দ্বন্দ্বে শ্রমিকদের বিক্ষোভে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেইট এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এসময় পদ্মা এক্সক্লুসিভ পরিবহন ও আল আরাফাহ পরিবহনের দুটি সার্ভিস বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর-ঢাকা রুটে দীর্ঘদিন ধরে পদ্মা এক্সক্লুসিভ ও আল আরাফাহ পরিবহন যাত্রী পরিবহন করে আসছে। পদ্মা এক্সক্লুসিভ মালিকপক্ষ অভিযোগ করে, আল আরাফাহ পরিবহনের রুট পারমিটে গলদ রয়েছে ।
এ অভিযোগে শ্রমিকরা বিক্ষোভে নামলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  নাজিয়া হোসেন উভয় পক্ষের বক্তব্য শুনে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসক পরবর্তী বৈঠকে সমাধানের আশ্বাস দিলে উত্তেজনা প্রশমিত হয়।
চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু বলেন, “ফিটনেসবিহীন বাস, অনুমতি ছাড়া কাউন্টার ও অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি।” অন্যদিকে, আল আরাফাহ পরিবহনের কাউন্টার ম্যানেজার রুবেল হোসেন দাবি করেন, “আমরা বৈধ কাগজপত্রে বাস চালাচ্ছি। ভাড়া কমানোয় প্রতিদ্বন্দ্বী পক্ষ আমাদের ওপর চড়াও হয়েছে।”
শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, কাগজপত্র যাচাই করে অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।