বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সন্তানের আকিকায় এতিম শিক্ষার্থীদের পেট ভরে কাচ্চি খাওয়ালেন প্রবাসী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৬:৩৮ পিএম
চাঁদপুরে সন্তানের আকিকায় এতিম শিক্ষার্থীদের পেট ভরে কাচ্চি খাওয়ালেন প্রবাসী
সন্তানের আকিকা উপলক্ষে ভিন্নধর্মী ও ব্যতিক্রম আয়োজন করলেন সৌদির মক্বা প্রবাসী হাজী হোটেল ব্যবসায়ী সোহরাব রাজা। সন্তান হওয়ার খুশির আনন্দে নিজ পরিবারের মধ্যে সীমাবদ্ধ না থেকে তিনি চাঁদপুর শহরতলীর গুনরাজদী ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্প এলাকার আল-আমিন এতিমখানা ও মাদরাসার শতাধিক শিক্ষার্থীদের জন্য কাচ্ছি ভোজের আয়োজন করেন।
২৯ আগস্ট শুক্রবার বাদ জুম্মা আল-আমিন এতিমখানা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের পর এ ভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আলী আশরাফ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস প্রধান মোঃ নজরুল ইসলাম, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ইনচার্জ মোঃ নাসির উদ্দিন, এতিমখানা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী ও কোষাধ্যক্ষ মোঃ সফিউল্লাহ মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশটি হয়ে ওঠে আনন্দঘন ও হৃদয়স্পর্শী।
প্রবাসী সোহরাব রাজা জানান, বিয়ের পর দীর্ঘ পাঁচ বছর তার কোনো সন্তান হয়নি। এ সময়ে তিনি মক্কা শরীফের কাবাঘরে দাঁড়িয়ে চোখের পানিতে আল্লাহর কাছে সন্তান কামনা করেন। অবশেষে মহান আল্লাহ তার সেই প্রার্থনা কবুল করেন। বর্তমানে তার ঘর আলোকিত হয়েছে একমাত্র পুত্রসন্তান মোহাম্মদ নাহিয়ান রাজা-র আগমনে।
তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার এই সন্তান। আকিকার আনন্দ আমি চেয়েছি এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করতে। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন, সে যেন একজন সৎ, দ্বীনদার ও দেশপ্রেমিক মানুষ হয়ে বেড়ে ওঠে।
স্থানীয়রা জানান, সোহরাব রাজার এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা যদি এভাবে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ান, তবে সমাজে মানবিকতার দৃষ্টান্ত আরও প্রসারিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।