বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেড় শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে চাঁদপুরে দিনব্যাপী কর্মশালা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:৩১ পিএম
দেড় শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে চাঁদপুরে দিনব্যাপী কর্মশালা
“আমরা সবাই ঐক্যবদ্ধ, চাঁদপুর হবে দেশের গর্ব” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী কর্মশালা।
শনিবার (৩০ আগস্ট) চাঁদপুর রোটারি ক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের দেড় শতাধিক স্বেচ্ছাসেবী।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের আহবায়ক এইচ এম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, আমি প্রথমেই চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
আজ আপনাদের এমন সুন্দর আয়োজনে আমাকে দাওয়াত দেয়ার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আপনি যদি রাস্তায় অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকেন, তাহলে আপনাদের কাউকেই স্বেচ্ছাসেবী পরিচয় দেয়া ঠিক হবে না। আপনার মধ্যে যদি অসৎ চিন্তাভাবনা থাকে তাহলে এই এসোসিয়েশনের সদস্য হওয়ারও দরকার নেই। আর স্বেচ্ছাসেবক কখনোই অসৎ কাজের সাথে জড়িত হওয়া যাবে না।
জেলা প্রশাসক বলেন, পৃথিবীতে অনেক ভালো ভালো সংগঠন আছে, তার মধ্যে একটি রেড ক্রিসেন্ট। তাদের অনেক সুনাম রয়েছে। আপনাদের সংগঠনগুলোকেও কাজের মাধ্যমে ভালো সংগঠনগুলোর তালিকায় আনতে পারেন। স্বেচ্ছাসেবকের মূল কাজ হচ্ছে- যে নিজের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ব্যক্তি বা সমাজের কল্যাণে কাজ করে। লোক দেখানো স্বেচ্ছাসেবকের দরকার নেই। অনেক সংগঠন বা স্বেচ্ছাসেবক বছরে একটি কাজ করে সারাবছর তা প্রচার করেন। এমন স্বেচ্ছাসেবকের প্রয়োজন নেই। সংগঠনের স্বেচ্ছাসেবকরা তাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আশপাশ বা সমাজের প্রয়োজনীয় কাজগুলো করতে পারে।
তিনি বলেন, একজন অসহায় মেধাবী ছাত্র যদি টাকার অভাবে প্রাইভেট পরতে না পারেন, আপনারা যে যেই বিষয়ে পারদর্শী তাকে বিনামূল্যে প্রাইভেট পড়ান। এতেই হবে স্বেচ্ছাসেবকের আসল পরিচয়। যে ব্যক্তি মাদক, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত, তারা স্বেচ্ছাসেবক হওয়ার যোগ্যতা রাখে না। স্বেচ্ছাসেবকরা একজন ভিক্ষুককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন। একজন লোক রাস্তা পারাপার হতে না পারলে তাকে সহযোগিতা করেন। সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকেও কাজ করতে পারেন। যে নিঃস্বার্থভাবে কাজ করেন তিনিই প্রকৃত স্বেচ্ছাসেবী।
এসোসিয়েশনের সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত এর প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান। ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও স্বদেশ বাংলার সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী উক্ত কর্মশালায় প্রেরণা ও আত্মবিশ্বাস বৃদ্ধি নিয়ে দিকনির্দেশনা মূলক প্রশিক্ষণ দেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ।
এছাড়াও স্বেচ্ছাসেবী কর্মশালায় আরো দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন ও সমাজকর্মীর দায়িত্বের উপর চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বিল্লাল হোসেন, যুব সংগঠন নিবন্ধন ও সমাজসেবায় যুবদের ভূমিকার উপর চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম মিয়া, নেতা-নেতৃত্বের শৈলী ও কৌশল নিয়ে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, নেটওয়ার্কিং ও সম্পর্ক উন্নয়ন নিয়ে ইয়ুথ ফোরাম বাংলাদেশ এর কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাড. আলেয়া বেগম লাকী।
মাঝখানে দুপুরের খাবারের বিরতি দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মোটিভেশনাল বক্তব্য রাখেন মানবিক শওকত, টিপু চৌধুরী ও মিডিয়া এন্ড পাবলিক রিলেশন’স, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ এর ডিরেক্টর মোহাম্মদ ইউনূস। সমাপনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে অংশগ্রহণ করা স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা সনদ তুলে দেয়া হয়। এবং আগত অতিথিদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
এছাড়াও চলতি বছরে বৃক্ষরোপণ কর্মসূচিতে ভূমিকা রাখায় জেলার ৫টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে। এসময় বিভিন্ন সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।