বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে যাত্রী সেজে অটোরিক্সা চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৮ পিএম
মতলবে যাত্রী সেজে অটোরিক্সা চালককে কুপিয়ে হত্যা, আটক ৩
চাঁদপুরের মতলব দক্ষিণে অটোরিকশা ছিনতাই করতে যাত্রী সেজে চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে অটোরিকশাটি উদ্ধার করলেও পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম শাওন সরকার (১৮)। তিনি মতলব পৌরসভার উত্তর নলুয়া এলাকার ইকবাল সরকারের ছেলে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তিনজনকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ।

Model Hospital

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, শাওন সরকার দীর্ঘদিন ধরে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিনের ন্যায় বুধবার অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত নয়টার দিকে উপজেলার মাছুয়াখাল বাজার থেকে যাত্রীবেশে দুষ্কৃতকারীরা তার অটোরিক্সায় উঠেন। অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নারায়ণপুর পৌরসভার বাগিচাপুর এলাকার নির্জন স্থানে নিয়ে যায়।

সেখানে তারা অটোরিক্সাটি থামিয়ে তাকে দেশীয় অস্ত্র ও ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়। পরে পিক-আপে বেঁধে অটোরিক্সাটি নিয়ে চলে যাওয়ার সময় শাওনের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়।

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, তার মুখমন্ডল ও মাথায় রক্তাক্ত জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালেহ্ আহাম্মদ বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। শাওনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে।

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, ঘটনার সাথে সম্পৃক্ত কিছু আলামত আমরা জব্দ করি। ওই আলামতের সূত্র ধরে আমরা প্রাথমিকভাবে ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা পেয়েছি, এমন তিনজনকে আটক করতে পেরেছি।

এছাড়া একটা পিক-আপে বেঁধে অটোরিক্সাটি নিয়ে যাচ্ছিল। আমরা সেটাও শনাক্ত করেছি। আমরা অচিরেই তাকেও আটক করতে সক্ষম হবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital