শাহরাস্তিতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫১ পিএম
শাহরাস্তিতে পুলিশ পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে টামটা দক্ষিণ ইউপির শিংয়ের বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শাহরাস্তি থানা পুলিশ। এ সময় জাহাঙ্গীর আলম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা (এফআইআর নং-৭, জি আর নং-১৩৮) দায়ের করা হয়েছে।
এর আগে, ৬ সেপ্টেম্বর (শনিবার) রাতে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউপির রাগৈ গ্রামে স্থানীয়দের সহযোগিতায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন— শিমুল মজুমদার (২৮), তাপস দাস (৩৫) ও শাহ পরান (২৯)।
এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৩১ হাজার ২৪৪ টাকা, তিনটি সিগারেটের প্যাকেট, একটি কেচি ও একটি ম্যাচ লাইট উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় আরেকটি মামলা (এফআইআর নং-৬, জি আর নং-১৩৭) রুজু হয়েছে।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে স্বল্প মূল্যে গাঁজা ও ইয়াবা কিনে বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে আসছিলো।
একই সঙ্গে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায় এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ আল আমিন, এসআই মোঃ আতোয়ার রহমান, এএসআই সাদ্দাম হোসেনসহ পুলিশের চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।






