বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সংসদ নির্বাচন: চাঁদপুরে ৪ আসনে বাসদের প্রার্থী ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৭ পিএম
সংসদ নির্বাচন: চাঁদপুরে ৪ আসনে বাসদের প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

রবিবার চাঁদপুর জেলা বাসদের কমিটির এক সভায় এই প্রার্থী ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য জি এম বাদশা।

বৈঠকে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস। জেলা কমিটির সবার মতামতের ভিত্তিতে চার আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

Model Hospital

ঘোষিত প্রার্থীরা হলেন, চাঁদপুর-১ (কচুয়া) আসনে: জয়দেব কর্মকার, আহ্বায়ক কচুয়া উপজেলা বাসদ ও জেলা কমিটির সদস্য।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে: দাউদ আলী মামুন, বিশিষ্ট শ্রমিক নেতা ও বাসদ সংগঠক।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে: জি এম বাদশা, কৃষক নেতা ও জেলা কমিটির সদস্য।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে: কমরেড হারুন অর রশিদ, আহ্বায়ক ফরিদগঞ্জ উপজেলা বাসদ ও জেলা কমিটির সদস্য।

সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাসদের প্রার্থীরা মাঠে কাজ করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।