বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি প্রাথমিক শিক্ষক সমিতির অনুমোদনহীন কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

শাহরাস্তি অফিস প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৬ পিএম
শাহরাস্তি প্রাথমিক শিক্ষক সমিতির অনুমোদনহীন কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শাহরাস্তি উপজেলা শাখার অনুমোদনহীন ও অগণতান্ত্রিক কমিটির পরিচিতি সভার প্রতিবাদে শিক্ষকরা বিক্ষোভ ও সাংবাদিক সম্মেলন করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভাস্থ মেহার কালীবাড়ি প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষকরা অভিযোগ করেন, গঠনতন্ত্রবিরোধী ও অনুমোদনহীনভাবে রাতের অন্ধকারে শিক্ষকদের অংশগ্রহণ ছাড়াই একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির কোনো সাংগঠনিক বৈধতা নেই, তবুও সম্প্রতি এর পরিচিতি সভার আয়োজন করা হয়, যা শিক্ষক সমাজের প্রতি চরম অবমাননা।
প্রতিবাদ সভায় বক্তারা জানান, উপজেলার প্রায় ৭ শতাধিক শিক্ষকের মধ্যে ৫০৩ জন শিক্ষক স্বাক্ষর দিয়ে ওই অবৈধ ও অগণতান্ত্রিক কমিটির বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন। তারা অভিযোগ করেন, প্রাথমিক শিক্ষক সমিতিকে দুর্বল ও ধ্বংস করার নেপথ্য কারিগর, অনিয়ম ও দুর্নীতির হোতা সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলমের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এ কমিটি গঠিত হয়েছে।
বক্তারা অবিলম্বে অনুমোদনবিহীন ও অগণতান্ত্রিক কমিটি বাতিল করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পাশাপাশি প্রয়োজনে তারা আদালতের শরণাপন্ন হয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।
সভায় প্রধান শিক্ষক আলী আক্কাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আবদুর রহিম, সম্ভাব্য সভাপতি প্রার্থী প্রধান শিক্ষক মকবুল আহমেদ, শিক্ষক হাসান জুলহাস, জান্নাতুল ফেরদৌস, তাজুল ইসলাম প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।