বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইউপি সদস্যের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী

ফরিদগঞ্জে মানববন্ধনে বাধা, সাংবাদিক লাঞ্ছিত

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৮ পিএম
ফরিদগঞ্জে মানববন্ধনে বাধা, সাংবাদিক লাঞ্ছিত

ইউপি সদস্য মোশারফ হোসেন মসুর বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনের একাংশ।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ (১০ নম্বর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউপি সদস্য মোশারফ হোসেন মসুর বিরুদ্ধে এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে যুবদল নেতাদের বাধা ও স্থানীয় সাংবাদিক চাঁদপুর কন্ঠের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য শামীম হাসানকে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে।
রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকালে ভুক্তভোগী পরিবার মানববন্ধন কর্মসূচি পালন শুরু করলে বাঁধা দেন গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহেব উল্যাহ মীর। এ সময় তিনি মানববন্ধনে উপস্থিতদের ছবি তুলতে থাকেন এবং সংবাদকর্মীদের সঙ্গে অশোভন আচরণ করেন।
পরে ঘটনাস্থলে আসেন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান পাটওয়ারী। তিনি মানববন্ধনে অংশগ্রহণকারীদের তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেন এবং একপর্যায়ে সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিক শামীম হাসানের ওপর হামলার চেষ্টা চালান। এ সময় অকথ্য ভাষায় গালাগাল করে তিনি বলেন, “নিউজ করে কী করতে পারে, করুক।”
হঠাৎ এই ঘটনার পর মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা অভিযোগ করেন, ইউপি সদস্য মসুর বিরুদ্ধে দুর্নীতির তথ্য আড়াল করতেই সাংবাদিক লাঞ্ছনার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।
ঘটনার পর এলাকাবাসী ও সাংবাদিক মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
সাংবাদিক শামীম হাসানের সাথে অশোভন আচরণের কারণে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ সকল সদস্যবৃন্দ তীব্র নিন্দাসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।