শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি ডাকাতিয়া নদীতে ৪৫টি অবৈধ রিং জাল জব্দ ও ধ্বংস

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৩ পিএম
শাহরাস্তি ডাকাতিয়া নদীতে ৪৫টি অবৈধ রিং জাল জব্দ ও ধ্বংস
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসন  ডাকাতিয়া নদীতে অভিযান চালিয়ে ৪৫টি অবৈধ রিং জাল জব্দ করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে পরিচালিত এ অভিযানে জব্দ হওয়া জালের দৈর্ঘ্য আনুমানিক ২ হাজার ২৫০ ফুট।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর ও উপজেলা মৎস্য অফিসারের  উপস্থিতিতে জব্দকৃত জালগুলো উপজেলা কমপ্লেক্স চত্বরে  জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, “অবৈধভাবে মাছ শিকারের সরঞ্জাম উদ্ধারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নদীর জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় প্রজাতির মাছের প্রজনন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। নিয়মিত অভিযান চলবে এবং অবৈধ কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে পাতা রিং জাল উদ্ধার করা হয়। এ ধরনের জাল ছোট মাছ ও মাছের পোনা ধ্বংস করে, যা নদীর জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।”
স্থানীয় জেলেরা জানান, অবৈধ জালের কারণে ছোট মাছের পোনা ধ্বংস হয়ে নদীতে মাছের সংখ্যা কমে যাচ্ছে, এতে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, নদী  এর সম্পদ রক্ষায় নিয়মিত তদারকি চালানো হবে এবং অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।