বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ফুটবল খেলা নিয়ে দুই দলের দর্শকদের সংঘর্ষে আহত ১৫

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৮ পিএম
চাঁদপুরে ফুটবল খেলা নিয়ে দুই দলের দর্শকদের সংঘর্ষে আহত ১৫

চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই দলের দর্শকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপে বেশকিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিকেলে অনুষ্ঠিত ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা দল ২-১ গোলে মতলব দক্ষিণ উপজেলাকে পরাজিত করে। খেলা চলাকালীন থেকে দুই দলের দর্শকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এদিকে দুই দলের দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঁদপুর-কুমিল্লা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

Model Hospital

ফরিদগঞ্জ উপজেলা দলের টিম ম্যানেজার নুরুন্নবী নোমান বলেন, খেলা শেষে দুই দলের দর্শকরা বাসে করে যাওয়ার সময় একে অপরকে ‘ভুয়া ভুয়া’ বলে সম্বোধন করে। এ সময় ওয়ারলেস সড়কে গেলে মতলব দক্ষিণ উপজেলার একজন বাস লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে। পরে ফরিদগঞ্জের দর্শকরাও নেমে ইটপাটকেল নিক্ষেপ করে। তবে তারা লাঠিসোটা ও ইটপাটকেল নিক্ষেপ করায় আমাদের পুরো বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে মতলব দক্ষিণ উপজেলা টিমের সদস্য ফয়সাল খন্দকার বলেন, খেলা শেষে যাওয়ার সময় আমাদের দেখে ফরিদগঞ্জ দলের দর্শকরা ভুয়া ভুয়া বলতে থাকে। বিপরীতে দর্শকরা প্রতিবাদ করায় তারা বাস থেকে নেমে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে সাগর, ফাহিম, দুর্জয়, ইকবাল, সৌরভ, হাসিব, তামিমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, হারজিতকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।