শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চর্যাপদ সাহিত্য একাডেমির বই উপহার মাসের সমাপনী অনুষ্ঠান

বাংলায় বইপ্রীতি ছড়াচ্ছে চর্যাপদ সাহিত্য একাডেমি, ৬ বছরে ১৩ হাজার বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৬ পিএম
বাংলায় বইপ্রীতি ছড়াচ্ছে চর্যাপদ সাহিত্য একাডেমি, ৬ বছরে ১৩ হাজার বই বিতরণ
সেপ্টেম্বর মাসকে পঞ্চম বই উপহার মাস ঘোষণা করেছিলো চর্যাপদ সাহিত্য একাডেমি। ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ শ্লোগানে গত ২৯ আগস্ট শুক্রবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো। এরপর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি।
পথেঘাটে, অফিস-আদালতে ও যানবাহনে উপহার প্রদান করা হয় বই। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় গল্প-কবিতা, প্রবন্ধ-উপন্যাস ও শিশুতোষ বই।
টানা ২৯ দিন চলে এ কর্মসূচি। দুর্গাপূজার কারণে নির্ধারিত সময়ের ২ দিন আগেই এ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর পুরানবাজারস্থ উদয়ন কঁচিকাচার মেলার হল রুমে আনুষ্ঠানিকভাবে বই উপহার মাসের সমাপ্তি ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।
একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনজীবী ও সমাজসেবক রোটারিয়ান শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উদয়ন কঁচিকাচার মেলার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, একাডমির সহ-সভাপতি শিউলী মজুমদার, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, স্বজন সারথি মিজানুর রহমান স্বপন, উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত, তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার জেলা প্রতিনিধি মাইনুদ্দিন জীবন।
বই উপহার মাসের আহ্বায়ক রফিকুজ্জামান রণি বলেন, মাসব্যাপী চলে বই উপহার কর্মসূচি। এ মাসে প্রায় এক হাজারের কাছাকাছি বই উপহার দেওয়া হয়েছে। বৃষ্টিপাত, প্রাকৃতিক দুর্যোগ ও দেশের চলমান পরিবেশ-পরিস্থিতির কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছর আমরা টার্গেটের তুলনায় কিছুটা কম বই উপহার দিতে পেরেছি। তবে সকল জটিলতার মধ্যেও কর্মসূচি অব্যাহত ছিলো। একদিনের জন্যেও পিছু হটেনি একাডেমির সদস্যরা। ৬ বছরে প্রায় ১৩ হাজারের কাছাকাছি বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি।
সভাপ্রধান আয়েশা আক্তার রুপা বলেন, মানুষকে বইমুখী করাই আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বই পাঠের মাধ্যমে সমাজের মানুষ সচেতন হলে বৈষম্যমুক্ত দেশ উপহার পাবো আমরা।
অনুষ্ঠানে উদয়ন সংগীত বিদ্যালয়ের শিক্ষক অঞ্জনা সাহা ও মিতু সাহার তত্ত্বাবধানে নৃত্য ও সংগীত পরিবেশন করেন একঝাঁক উদীয়মান শিল্পী। বাঁশি বাজান বেলাল শেখ।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বই উপহার কর্মসূচি পালন করে আসছে চর্যাপদ একাডেমি। ২০২১ সাল থেকে টানা ৫ম বারের মতো বই উপহার মাস পালন করেছে। এর মধ্যে একটি ‘বই উপহার মেলা’ও করেছে এ প্রতিষ্ঠান।
জানা যায়, এ পর্যন্ত প্রায় ১৩ হাজারের কাছাকাছি বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি। এবারের প্রতিপাদ্য ছিলো ‘বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘর।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital