চাঁদপুরের আশিকাটি ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শনে ডিসি
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের প্রতি ডিসির আহ্বান
মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১০ পিএম
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্র ও নাগরিক সেবা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন।
এ সময় তিনি আগত সেবাগ্রহীতা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে ইউনিয়নের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন। জেলা প্রশাসক সরকারি সেবার মান উন্নয়নে পরিষদের কর্মকর্তা- কর্মচারীদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা পরিষদের অফিস সহকারী কাম কম্পিউটার ও মুদ্রাক্ষরিক মোঃ মামুনুর রশীদ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম দিদার, ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ ইউসুফ মিন্টু, সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, আশিকাটি ইউপি সদস্য বিল্লাল মাল সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় চাঁদপুর সদর সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।





